স্থানীয় সংবাদ

সংবাদ সম্মেলনে ওজোপাডিকোতে ১২ দফা দাবিতে আন্দোলনের ঘোষণা

স্টাফ রিপোর্টার ঃ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) কর্তৃপক্ষের কাছে উত্থাপিত ১২ দফা শিল্প বিরোধের দাবি বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন-সিবিএ।
গতকাল মঙ্গলবার খুলনা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান।
সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ধারা ২০৯ ও ২১০ অনুযায়ী গত ৭ মে ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালকের কাছে ১২ দফা দাবিসংবলিত শিল্প বিরোধ উত্থাপন করা হলেও এক মাস পেরিয়ে গেলেও কর্তৃপক্ষ আলোচনায় বসার কোনো উদ্যোগ নেয়নি। অথচ শ্রম আইন অনুযায়ী ১৫ দিনের মধ্যে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে লিখিত আলোচনার প্রস্তাব দেওয়ার বিধান রয়েছে। নেতৃবৃন্দ অভিযোগ করেন, ওজোপাডিকোতে অতিরিক্ত আউটসোর্সিং নির্ভরতা প্রতিষ্ঠানের নিরাপত্তা ও সেবার মানের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি সচিবালয়ে আউটসোর্সিং কর্মীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দপ্তরের ফোনের তার চুরির ঘটনার প্রসঙ্গ টেনে তারা বলেন, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার ট্রান্সফরমার, তার, ক্যাবল, পোল, যানবাহনসহ মূল্যবান সরঞ্জাম খোলা স্থানে থাকে। ফলে এ ধরনের কারিগরি প্রতিষ্ঠানে অতিমাত্রায় আউটসোর্সিং জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।
সংগঠনটির পক্ষ থেকে আউটসোর্সিং নিয়োগ বাতিল, ওজোপাডিকোর বেতন স্কেল-২০২৬ ঘোষণা, কোম্পানির মালিকানায় নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন প্রকল্প গ্রহণ, অর্গানোগ্রাম সংশোধনের মাধ্যমে স্থায়ী জনবল নিয়োগ এবং গ্রাহকসেবার মানোন্নয়নসহ ১২ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে-১২ থেকে ২৫ জুন পর্যন্ত ওজোপাডিকোর আওতাধীন ২১ জেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক দল ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় এবং স্মারকলিপি প্রদান, ২৭ জুন সকল জেলায় কর্মীসভা, গেটসভা ও মানববন্ধন এবং ১ জুলাই খুলনায় ওজোপাডিকোর প্রধান কার্যালয় ঘেরাও, বিক্ষোভ মিছিল ও সমাবেশ। সংবাদ সম্মেলনে নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায়ে কার্যকর উদ্যোগ না নিলে পরবর্তীতে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভা করে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহি কমিটির সভাপতি সৈয়দ আনোয়ার হোসেন, মো: হুমায়ুন কবির, কাজী আহসান সানি, শেখ মো: আলীম, মো: মোস্তাফিজুর রহমান তুহিন, মো: আলী হোসেন, মাহামুদুল হক, আব্দুস সালাম, কবির হোসেন ফরাজী, জাকির হাসান, খুলনা জেলা শাখার সভাপতি মো: জাকির আলম খান ও সাধারন সম্পাদক মো: কালাম।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button