স্থানীয় সংবাদ

হলুদ জার্সি আর সাম্বা নৃত্যে সিরাজগঞ্জ শহর মাতালেন ব্রাজিল ভক্তরা

প্রবাহ রিপোর্ট ঃ আর কয়েক ঘণ্টা পরই শুরু হচ্ছে ফুটবলের বৃহত্তম আসর ফিফা বিশ্বকাপ-২০২৬। বিশ্বকাপকে সামনে রেখে সবকিছু ভুলে ফুটবল উন্মাদনায় মেতে উঠেছে যমুনাপাড়ের শহর সিরাজগঞ্জ। বুধবার (১০ জুন) বিকেলে বিশাল র‌্যালি, হলুদ জার্সির ঢল ও সাম্বা নৃত্যে শহর মাতালেন ব্রাজিল সমর্থকেরা। বিকেল সাড়ে ৪টার দিকে জেলা শহরের মুজিব সড়কে বিভিন্ন প্রান্ত থেকে প্রিয় দলের পতাকা হাতে হলুদ জার্সি পরে দলে দলে জড়ো হন সমর্থকেরা। নারী-পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ র‌্যালিতে অংশ নেন। কেউ হেঁটে, কেউ মোটরসাইকেলে, আবার কেউ রিকশায় চড়ে র‌্যালিতে যোগ দেন। র‌্যালির বিশেষ আকর্ষণ ছিল ট্রাকে বহন করা বিশাল সাউন্ডবক্স। ডিজে গানের তালে তালে সমর্থকদের সাম্বা নৃত্য র‌্যালিতে বাড়তি উন্মাদনা যোগ করে। ব্রাজিল সমর্থকেরা বলেন, ‘আমরা এবার হেক্সা মিশনে নেমেছি। ব্রাজিল দল দারুণ ফর্মে আছে। ইনশাআল্লাহ এবার ষষ্ঠ বিশ্বকাপ ঘরে তুলব।’ অপর এক সমর্থক আর্জেন্টিনাকে উদ্দেশ করে বলেন, ‘আমাদের পাঁচটা আছে, তাদের তিনটা। তাদের সঙ্গে আমাদের দলের তুলনাই চলে না।’ স্বামী জার্মানির, স্ত্রী ব্রাজিলের এবং মেয়ে আর্জেন্টিনার জার্সি পরে রিকশায় চড়ে র‌্যালিতে অংশ নেয় একটি পরিবার। জানতে চাইলে জার্মানির সমর্থক স্বামী বলেন, ‘স্ত্রী ব্রাজিল সমর্থক, তাই তাকে ব্রাজিলের র‌্যালিতে নিয়ে এসেছি। আমি চাই ব্রাজিল ভালো খেলুক, তবে জার্মানি পঞ্চম বিশ্বকাপ জিতুক।’ আর্জেন্টিনা সমর্থক মেয়ে বলে, ‘এবারও আর্জেন্টিনাই কাপ জিতবে।’ অন্যদিকে ব্রাজিল সমর্থক স্ত্রী বলেন, ‘আমাদের ঘরে এখন রীতিমতো গৃহযুদ্ধ লেগে গেছে।’ র‌্যালির আয়োজকেরা বলেন, ‘আমরা শহরে দেখিয়ে দিতে চাই, আর্জেন্টিনার চেয়ে ব্রাজিলের সমর্থক বেশি। বুধবার সিরাজগঞ্জ শহর হলুদ জার্সির দোলায় দুলছে।’

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button