ফকিরহাটে কৃষক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা : আরেকজন কে হত্যাচেষ্টা

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বাদল মোড়ল (৪০) নামের একজন জাতীয়তাবদী কৃষকদল নেতাকে গলাকেটে হত্যা করেছে সন্দ্রাসীরা। এ সময় তার সঙ্গে থাকা একই এলাকার বিএনপির নেতা আব্দুল্লাহ মোড়ল (৪২) কে হত্যার চেষ্টা করা হয়। বাদল মোড়ল সদর উপজেলার আড়পাড়া গ্রামের জাফর মোড়লের ছেলে ও স্থানীয় বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি এবং আহত আব্দুল্লাহ মোড়ল একই গ্রামের নুরুল ইসলাম মোড়লের ছেলে এবং বারুইপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি। মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের নিয়তির মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। থানা পুলিশ ও স্থানীয়রা জানান, ব্যবসায়িক কাজ শেষে বারুইপাড়া এলাকা থেকে ফকিরহাট সদরের দিকে যাচ্ছিলেন বাদল মোড়ল ও আব্দুল্লাহ মোড়ল। পথিমধ্যে নিয়তির মাঠ এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে বাদল মোড়লকে গলাকেটে হত্যা করা হয় এবং আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হন। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রু পালিয়ে যায়। পরে এলাকাবাসী আহত দুজনকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাদল মোড়লকে মৃত ঘোষণা করেন। আহত আব্দুল্লাহ মোড়লকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফকিরহাট মডেল থানার ওসি মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকান্ডের কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ তদন্তকাজ চলমান রেখেছে।



