খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের ভয়াবহ অগ্নিকান্ড

উৎসুক জনতার প্রচন্ড ভিড়ে ফায়ার সার্ভিসের কাজ ব্যহত
স্টাফ রিপোর্টার : খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালেরআগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনি। হাসপাতালের ভেতর আটকে থাকা রোগী ও তার স্বজনেরা বিল্ডিং এর বিভিন্ন স্থান থেকে মোবাইলের টর্চ জ্বালিয়ে বাঁচার আকুতি জানান। তবে, উৎসুক জনতার প্রচন্ড ভিড়ের কারণে ফায়ার সার্ভিসের কাজ ব্যহত হচ্ছে। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। এর আগে আজ নৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর ময়লাপোতা মোড় সংলগ্ন হাসপাতালে এ আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে ফায়ার সার্ভিস। তাদের সঙ্গে পুলিশ ও স্থানীয়রা আগুন নেভানোর কাজে অংশ নিচ্ছেন। হাসপাতালে থাকা রোগী ও তাদের স্বজনরা আগুন লাগার পর আতঙ্কিত হয়ে বাইরে যাওয়ার জন্য ছোটাছুটি করছেন।
খুলনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফ উল ইসলাম বলেন, আমাদের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুনের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। রাস্তায় উৎসুক জনতার ভিড়ের কারণে ফায়ার সার্ভিসের কাজ করতে বেগ পেতে হচ্ছে।
স্থানীয়রা জানান, হাসপাতালের নিচতলার জেনারেটর রুম থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয়ে ১৬ তলা ভবনের উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের সাথে পুলিশ, নৌবাহিনী, র্যাব ও স্থানীয়রা চিকিৎসক, নার্স, রোগীসহ আটকা পরাদের উদ্ধারের কাজ করছেন।
সূত্র জানান, হাসপাতাল ভবনের নীচতলার জেনারেটর রুম থেকে ধোয়া দেখার পর ফায়ার সার্ভিস খবর দেয়া হয়। এ খবর ছড়িয়ে পড়ার পর রোগী, স্বজন ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আগুন ঠিক কোন জায়গা থেকে বা কি কারণে লেগেছে তা জানা জায়নি। জেনারেটর ছাড়াও সেখানে ওই হাসপাতালের বৈদ্যুতিক সাবস্টেশন রয়েছে। সেখান থেকেও আগুনের সূত্রপাত হতে পারে বলেও কেউ কেউ মনে করছেন।
এদিকে, আগুনের চেয়ে ধোঁয়া বেশি দেখা গেছে ঘটনাস্থলে গিয়ে। এজন্য হাসপাতালের বিভিন্ন তলায় রোগীর স্বজনদেরকে জানালার গ্লাস ভেঙ্গে অক্সিজেন সরবরাহ স্বাভাবিক করতে দেখা যায়। এসময় ফায়ার সার্ভিসের মই দিয়ে সিড়ি সংলগ্ন জানালা থেকে রোগী ও স্বজনদের নামানো হয়। ১৬ তলা বিশিষ্ট হাসপাতালে জরুরি বহি:র্গমনের কোন সিড়ি নেই বলে জানা গেছে।
আগুনের ঘটনার পরপরই বেশকিছু গুরুতর রোগীকে শান্তিধাম মোড়স্থ ইসলামী ব্যাংক হাসপাতাল ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ অন্যান্য সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ৯টা ৩৫ মিনিটে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের ভবনে আগুন লাগে। আগুনের ধোঁয়া গোটা ভবনে ছড়িয়ে পড়লে রোগী ও স্বজনরা আতঙ্কে ছুটাছুটি শুরু করেন। অনেকে নিচে নেমে আসেন। আর অনেকে ভবনের উপরের দিকে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১২টা) ভবন থেকে ধোঁয়া বের হচ্ছিল।
ফায়ার সার্ভিসের খুলনার উপ-পরিচালক মাসুদ সরদার বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। আগুন বেজমেন্টের মধ্যে আছে,উপরে ওঠেনি। তবে আগুনের ঘটনায় হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া, আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।



