স্থানীয় সংবাদ

র‌্যাবের অভিযানে সুন্দরবনের জলদস্যু বাহিনীকে অস্ত্র-খাদ্য সরবরাহের অভিযোগে গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার ঃ সুন্দরবনের একটি জলদস্যু বাহিনীকে অস্ত্র ও খাদ্য সরবরাহের অভিযোগে মো. সবুর শেখ (৫১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। এ সময় তাঁর কাছ থেকে তিনটি দেশীয় তৈরি ওয়ান শুটার পাইপগান উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। র‌্যাব-৬ সূত্রে জানা যায়, বৃহস্পিতবার দুপুরে বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলা দক্ষিণপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে মো. সবুর শেখকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত আক্তার আলী শেখের ছেলে। র‌্যাবের দাবি, অভিযানের সময় সবুর শেখের হেফাজত থেকে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় তিনটি দেশীয় ওয়ান শুটার পাইপগান উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় অস্ত্রগুলো জব্দ করা হয়। সংস্থাটি জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি সুন্দরবনকেন্দ্রিক ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীকে বিভিন্ন সময়ে অস্ত্র ও খাদ্য সরবরাহের কথা স্বীকার করেছেন। তাঁর অতীত অপরাধের তথ্য পর্যালোচনায় বাগেরহাটের মোংলা থানায় দায়ের করা দুটি মামলার তথ্য পাওয়া গেছে বলেও দাবি করেছে র‌্যাব। র‌্যাব-৬ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে রামপাল থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁকে উদ্ধার করা অস্ত্রসহ থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাবের ভাষ্য, সন্ত্রাসী, অস্ত্রধারী অপরাধী ও মাদক কারবারিদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button