বিনোদন

বিলাসী ঘড়ি উপহার পেলেন শাকিব খান : দাম প্রায় ৭০ লাখ!

প্রবাহ রিপোর্ট ঃ বিশ্বখ্যাত সুইস ব্র্যান্ড রোলেক্সের একটি বিলাসবহুল ঘড়ি উপহার পেলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। আন্তর্জাতিক বাজারমূল্য অনুযায়ী ঘড়িটির দাম প্রায় ৭০ লাখ টাকার কাছাকাছি। বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের বিশেষ অনুষ্ঠান ‘চাঁদ তারার গুঞ্জন’-এ চমক হিসেবে এটি দেওয়া হয়। অনুষ্ঠানটির ধারণকালে উপস্থাপক চিত্রনায়িকা পূর্ণিমার উপস্থিতিতে শাকিব খানের হাতে তুলে দেওয়া হয় রোলেক্সের জনপ্রিয় মডেল ‘জিএমটি-মাস্টার টু রুট বিয়ার’ (রেফারেন্স ১২৬৭১৫সিএইচএনআর)। অনুষ্ঠানের বিশেষ অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম তার হাতে ঘড়িটি পরিয়ে দেন। উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব খান বলেন, ‘এটি সাগর ভাইয়ের (ফরিদুর রেজা) পক্ষেই সম্ভব। জীবনে অনেক উপহার পেয়েছি, তবে টাকার অঙ্কের দিক থেকে এটি অন্যতম বড়। আর ভালোবাসার দিক থেকে এই উপহার আমার কাছে অমূল্য।’ তিনি আরও জানান, কিছুদিন আগে ঘনিষ্ঠ এক পরিচিতজনের সঙ্গে একটি রোলেক্স ঘড়ি কেনার ইচ্ছার কথা শেয়ার করেছিলেন। সেই কথা কোনোভাবে অনুষ্ঠান সংশ্লিষ্টদের কাছে পৌঁছানোর পরই এই বিশেষ আয়োজন করা হয়। রোলেক্সের এই মডেলটি ১৮ ক্যারেট এভারোজ গোল্ড দিয়ে তৈরি। ঘড়িটির বডি ও ব্রেসলেট উভয়ই রোলেক্সের নিজস্ব গোল্ড অ্যালয় দিয়ে নির্মিত, যা দীর্ঘস্থায়ী উজ্জ্বলতা ও টেকসই বৈশিষ্ট্যের জন্য পরিচিত। ‘রুট বিয়ার’ নামে পরিচিত এই মডেলের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর কালো ও চকোলেট ব্রাউন রঙের দ্বি-রঙা সিরামিক বেজেল। পাশাপাশি এতে রয়েছে জিএমটি প্রযুক্তি, যার মাধ্যমে একই সময়ে একাধিক টাইম জোনের সময় দেখা যায়। মূলত আন্তর্জাতিক ভ্রমণকারী ও বিমানচালকদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে এই বিশেষ ফিচার। অতিরিক্ত জিএমটি কাঁটা এবং ঘূর্ণায়মান বেজেলের সাহায্যে বিশ্বের তিনটি ভিন্ন সময় অঞ্চল একসঙ্গে ট্র্যাক করা সম্ভব। আন্তর্জাতিক বাজারে নতুন অবস্থায় ঘড়িটির অফিশিয়াল রিটেইল মূল্য প্রায় ৫৩ হাজার ১০০ মার্কিন ডলার বলে জানা গেছে। শাকিব খান জানিয়েছেন, বিশেষ এই উপহার তিনি তার ব্যক্তিগত সংগ্রহে সংরক্ষণ করে রাখবেন। এর আগে একই অনুষ্ঠানে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে সোনার কলস উপহার দিয়ে আলোচনায় আসে চ্যানেল আই। সেই ধারাবাহিকতায় এবার শাকিব খানকে দেওয়া এই বিলাসবহুল রোলেক্স ঘড়িও সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনুষ্ঠান সংশ্লিষ্টরা জানিয়েছেন, ‘চাঁদ তারার গুঞ্জন’-এর বিশেষ এই পর্বটি শিগগিরই প্রচারিত হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button