মোংলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ :আহত ২০

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ মোংলার দিগরাজে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের ২০ যাত্রী আহত হয়েছে। এরমধ্যে গুরুতর আহত হয়েছেন ৫/৬ জন। আহতদেরকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, সোমবার দুপুরে মোংলা-খুলনা মহাসড়ের দিগরাজে ঢাকা থেকে ছেড়ে আসা মোংলাগামী আরমান পরিবহণের সাথে খুলনাগামী এলপিজি গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় বাসের ২০ যাত্রী আহত হন। এদের মধ্যে ৫/৬ জনের অবস্থা গুরুতর। তাদেরকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহত অপর ১৩/১৪ জনকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। আহতদের বাড়ী মোংলার বিভিন্ন এলাকায়। দুর্ঘটনায় পর মহাসড়কে যান চলাচল বিঘিœত হয়। পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা সম্পন্ন করলে পুনরায় যান চলাচল পূর্ণ স্বাভাবিক হয়। তবে এ দুর্ঘটনায় বাস নাকি ট্রাক দায়ী তার তদন্ত চলছে বলেও জানান ওসি মানিক চন্দ্র গাইন।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ এলাকা থেকে প্রায় ৩৩ লাখ টাকা মূল্যের ফেন্সিডিল ও ঔষধ জব্দ
সাতক্ষীরা প্রতিনিধি: সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের শ্যামনগর উপজেলাধীন বড় হোগলডোরা খাল সংলগ্ন এলাকা থেকে প্রায় ৩৩ লাখ টাকা মূল্যের ১হাজার ৩১৯ বোতল ফেন্সিডিল ও শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় বিপুল পরিমাণ ঔষধ জব্দ করেছে কোস্ট গার্ড।
সোমবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের শ্যামনগর উপজেলাধীন বড় হোগলডোরা খাল সংলগ্ন এলাকায় সোমবার ভোর রাত ১টায় কোস্ট গার্ড কৈখালী স্টেশনের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৩৩ লক্ষ ১৯ হাজার টাকা মূল্যের ১ হাজার ৩১৯ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং অবৈধ ভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করা হয়।
জব্দকৃত ফেন্সিডিল ও ঔষধের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তবে, কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা এসময় মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় তারা তাদের আটক করতে সক্ষম হননি।
তিনি আরও জানান, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।



