১১ দলের খুলনা বিভাগীয় সমাবেশকে সফল করতে শ্রমিকদেরকে অগ্রসৈনিক হতে হবে : মোহাম্মদ মাহফুজুর রহমান

খবর বিজ্ঞপ্তি ঃ ১১ দলের বিভাগীয় সমাবেশ বাস্তবায়নে শ্রমিকদের অগ্রণী ভুমিকা রাখার আহবান জানিয়ে সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, আগামী ২০ জুন খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে ১১ দলের বিভাগীয় সমাবেশ। এই সমাবেশ সফল করতে কারো ঘরে বসে থাকার সুযোগ নেই বরং ময়দানে সর্বশক্তি নিয়োগ করে বিভাগীয় সমাবেশ বাস্তবায়নে সর্বাতœক প্রচেষ্টা চালাতে হবে। সমাবেশ বাস্তবায়নে নগরীর প্রতিটি ঘরে ঘরে দাওয়াত পৌঁছাতে সকলের প্রতি আহবান জানান তিনি। তিনি বলেন, খুলনা শহরের অলিগলিতে যে চাঁদাবাজি শুরু হয়েছে, তা প্রতিরোধ করার জন্য শ্রমিক সমাজকে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, নগরবাসীর নিরাপত্তার জন্য খুলনা মহানগরীর প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে জনগণকে সাথে নিয়ে শ্রমিকদের সংগঠিত করে চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। সোমবার (১৫ জুন) সকালে খুলনা মহানগরীর ৭ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে সুবিধা বঞ্চিত অসহায় শ্রমিকের মাঝে হুইলচেয়ার বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
৭ নং ওয়ার্ডের আমীর আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি কাজল এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরী সহকারী সেক্রেটারি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, খালিশপুর থানা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন। এ সময় জামায়াত নেতা মুহাইমিনুন ইসলাম, মো. মাহিদী মুয়াজ, মো. মনিরুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, নুরুল্লাহ মিঠু প্রমুখ উপস্থিত ছিলেন।
মহানগরী আমীর বলেন, মানবজীবনে সম্ভাব্য যত সমস্যা হতে পারে এর সব সমাধানই ইসলাম দিয়েছে। যেমন দারিদ্র্য প্রত্যেক সমাজের একটি মারাত্মক সমস্যা। দারিদ্র্য নিরসনের কার্যকরী নির্দেশনা ইসলাম দিয়েছে এমনকি রাসূল (সা.) তিনি কাউকে ভিক্ষা দেওয়ার চেয়ে তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়াকে বেশি পছন্দ করতেন। তাই বাংলাদেশ জামায়াতে ইসলামী আর্ত-মানবতার কল্যাণে এবং নির্যাতিত, নিপীড়িত ও অধিকার বঞ্চিত মানুষের জন্য কাজ করে আসছে। ভবিষ্যতেও সাধ্যনুযায়ী অসহায় মানুষের দুদর্শা লাঘবে জামায়াতে ইসলামীর কর্মতৎপরতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।



