স্থানীয় সংবাদ

খুলনা বিভাগের সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে : মাহফুজুর রহমান

১১ দলের বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির সভা

খবর বিজ্ঞপ্তি ঃ ১১ দলীয় ঐক্য আয়োজিত ২০ জুন (শনিবার) খুলনার ঐতিহাসিক সাকিৃট হাউস ময়দানে অনুষ্ঠিতব্য গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে বিভাগীয় সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান। তিনি বলেন, ‘খুলনা বিভাগীয় সমাবেশ কোনো দল বা গোষ্ঠীর স্বার্থে নয়; বরং সাধারণ মানুষের অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ, সুশাসন এবং জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার দাবিকে জোরালোভাবে তুলে ধরার একটি গণমঞ্চ। খুলনা বিভাগের সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে সমাবেশকে জনসমুদ্রে পরিণত করবেন এবং জনগণের ন্যায্য দাবির পক্ষে দৃঢ় অবস্থানের বহিঃপ্রকাশ ঘটাবেন’। সমাবেশ সফল করার লক্ষ্যে ১১ দলের বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতারা দফায় দফায় প্রস্তুতিমূলক সভা করছেন। চালানো হচ্ছে ব্যাপক প্রচার-প্রচারণা। তিনি ১১দলীয় ঐক্যের নেতাকর্মীসহ খুলনাবাসীকে সমাবেশে অংশ গ্রহণ করে গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে বাধ্য করতে ভূমিকা পালনের আহ্বান জানান। আগামী ২০ জুন অনুষ্ঠিতব্য ১১ দলের বিভাগীয় সমাবেশ সফলের লক্ষে মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় নগরীর তারেরপুকুরস্থ খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে সমাবেশ বাস্তবায়ন কমিটির সভায় তিনি এ আহবান জানান।
মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এডভোকেট মুহাম্মদ শাহ আলম পরিচালনায় বক্তৃতা করেন বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ সাইফুদ্দোহা, খেলাফত মজলিসের সভাপতি এফ এম হারুন অর রশীদ, বাংলাদেশ খেলাফত মজলিসের খুলনা মহানগরী সভাপতি মুফতি সাঈদুর রহমান, খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, বিডিপি’র সভাপতি এডভোকেট হানিফ উদ্দিন, এনসিপি খুলনা মহানগরী সংগঠক মো. কামরুজ্জামান ও মো. রমজান শেখ, বাংলাদেশ খেলাফত মজলিসের সহ-সভাপতি মো. আব্দুল কাইউম জমাদার, জেলা সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, মো. শরিফুল ইসলাম, এইচ এম সাজ্জাদ হোসেন, মো. মিজানুর রহমান, মুফতি নাজিম উদ্দিন, খেলাফত আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক মুফতি ইব্রাহিম খলিল, কামরুল ইসলাম, মো. ফিরোজুল ইসলাম, মো. সাকিবুল হাসান, খেলাফত মজলিসের এস এম জাহাঙ্গীর মাহমুদ, হাফেজ মাওলানা মুজাহিদুর রহমান, মুফতি মাহফুজুর রহমান, জাগপার মো. মাহমুদুল হাসান, বাংলাদেশ লেবার পার্টির মো. সোহেল হাওলাদার, আমার বাংলাদেশ পার্টিও আবু বকর সিদ্দিকী, মো. মনিরুল ইসলাম, মহানগরী জামায়াতের অফিস সেক্রেটারি মিম মিরাজ হোসাইন, প্রচার সেক্রেটারি মো. আব্দুল গফুর প্রমুখ। মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানের পর এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল এই দেশের জনগণ। সেই স্বপ্ন পূরণে সকল দলের সমন্বয়ে রচিত হয়েছিল জুলাই জাতীয় সনদ। সেই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের পাশাপাশি একই দিনে অনুষ্ঠিত হয় গণভোট। দেশের ৬৮% ভোটার গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দেয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, বিএনপি দুই-তৃতীয়াংশ মানুষের রায়কে ক্ষমতায় গিয়ে বাস্তবায়নে কোন উদ্যোগ না নিয়ে জনরায়কে অবজ্ঞা করে যাচ্ছে। যা ফ্যাসিবাদী আমলের পদধ্বনি ছাড়া আর কিছুই নয়।
তিনি আরও বলেন, আমরা সংসদের প্রধান বিরোধীদল হিসেবে সকল বিরোধীদলকে সাথে নিয়ে সংসদের ভেতরে ও বাইরে আন্দোলন করে যাচ্ছি। তারই অংশ হিসেবে আগামী ২০ জুন শনিবার খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশের ডাক দেওয়া হয়েছে।
এদিকে খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ এ সমাবেশে অংশ নেবেন। সমাবেশকে সফল করতে ইতোমধ্যে মাঠপর্যায়ে ব্যাপক সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে দাবি করেন মাহফুজুর রহমান। তিনি জানান, সমাবেশ উপলক্ষে সার্কিট হাউস ময়দানের দক্ষিণ পাশে বড় আকারের মঞ্চ নির্মাণ করা হচ্ছে। একইসঙ্গে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগতদের অবস্থান এবং সার্বিক ব্যবস্থাপনার খোঁজখবর নেন ১১ দলের নেতারা। তিনি বলেন, বিভাগীয় সমাবেশ সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে। খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে। শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফল সমাবেশ আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের বিভিন্ন দাবি ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button