বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করল ছোট ভাই

প্রবাহ রিপোর্ট ঃ কুমিল্লা জেলার তিতাস উপজেলায় টিউবয়েল ব্যবহারের বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছোট ভাই। ঘটনার পর অভিযুক্ত রাজীব এলাকা থেকে পালিয়ে যান। এ ঘটনায় কেশবপুরসহ আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (১৭ জুন) দুপুরে কেশবপুর গ্রামের পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল মানিক (৪৫) ওই গ্রামের হাবিবুর রহমান মিয়ার বড় ছেলে। নিহতের মেয়ে রাইসা আক্তার জানান, বাড়ির টিউবওয়েল ব্যবহারের বিষয় নিয়ে তার বাবার সঙ্গে চাচার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় চাচার হাতে থাকা কোদাল দিয়ে বাবার গলায় আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে বাবা ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় বাসিন্দারা এমন নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করেন। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক জানান, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ লাশ উদ্ধার করেছে। তবে এখনও কোনো মামলা হয়নি। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।



