মোংলা ইপিজেডের চীনা সুতা কোম্পানীর মেশিনে হাত কেটে পড়ে গেছে এক শ্রমিকের

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ মোংলা ইপিজেডের অভ্যন্তরের চীনা প্রতিষ্ঠান ‘গুয়াংজু হুয়া ফাং সায়েন্স এন্ড টেকনোলজি বিডি কোঃ লিঃ’ এ তুলা থেকে সুতা তৈরির মেশিনে হাত কেটে পড়ে গেছে এক শ্রমিকের। ১৬-০৬-২০২৬ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় হাত কেটে পড়ে যাওয়ার প্রায় পৌনে থেকে এক ঘন্টা পর আহত শ্রমিককে খুলনায় হাসপাতালে নেয়া হয়। ফ্যাক্টরী কর্তৃপক্ষ আহত শ্রমিককে তাৎক্ষণিক এ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে না নেয়া ও প্রায় ঘন্টাখানেক দেরিতে হাসপাতালে নেয়ায় শ্রমিকেরা অসন্তোষ প্রকাশ করেছেন। নাম প্রকাশ না করা শর্তে ওই ফ্যাক্টরীর শ্রমিকেরা জানান, একটি মেশিনের বিপরীতে যে কয়জন শ্রমিক থাকার কথা তার চেয়ে কম শ্রমিক ছিল। যার ফলে মেশিনে কাজের চাপ ছিল বেশি। তাই কাজে হিমশিম খেয়ে ব্যতিব্যস্ত হয়ে মেশিন থেকে কাপড় সরাতে গেলে মোঃ গোলাম নামের শ্রমিকের হাত কেটে পড়ে যায়। তার ডান হাতের কনুইয়ের পর থেকে কেটে বিচ্ছিন্ন হয়ে যায়। হাতের কাটা অংশ মেশিনের ভিতরে চলে যায়। পরে তার সহকর্মীরা তাকে সেখান থেকে উদ্ধার করেন। উদ্ধারের পর প্রায় এক ঘন্টা অতিবাহিত হওয়ার পর দ্রুত এ্যাম্বুলেন্সে না নিয়ে তাকে একটি প্রাইভেট কারে খুলনায় নেয়া হয়। খুলনা থেকে তাকে ফেরত দিলে রাতেই ঢাকায় নেয়া হয়। শ্রমিকেরা বলেন, এর আগেও এমন দুর্ঘটনা ঘটেছে। কিন্ত ফ্যাক্টরী কর্তৃপক্ষ ভ্রুক্ষেপহীন। এ নিয়ে মুখ খুললে আমাদের চাকরি যাবে বলেও শাসিয়েছেন ফ্যাক্টরী কর্তৃপক্ষ। আহত শ্রমিক গোলামের বাড়ী মোংলার চাঁদপাই গ্রামে। এ ফ্যাক্টরীতে তুলাজাত সুতা উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ করা হয়। এদিকে ইপিজেডে এ্যাম্বুলেন্স ও হাসপাতাল থাকা স্বত্তেও গোলামের চিকিৎসার ক্ষেত্রে চরম অবহেলা করা হয়েছে বলেও অভিযোগ শ্রমিকদের। তবে মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক কালাম মোঃ আবুল বাশার বলেন, গত রাতে ওই ফ্যাক্টরীর একটি মেশিনে হঠাৎ আগুন ধরে যায়। পরে মেশিন বন্ধ করে আগুন নিভানো হয়। মেশিনটি বন্ধের পরও সেটির ব্লেট ঘুরছিল, তখন গোলাম নামের এক শ্রমিক মেশিনের ভিতর থেকে কাপড় বের করতে গেলে ব্লেটে আটকে তার হাত বিচ্ছিন্ন হয়ে যায়। সে এখন ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। এছাড়া নিয়মমাফিক সে কোম্পানী থেকে ক্ষতিপূরণ পাবেন। তিনি বলেন, আমি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছি, এ ঘটনায় তিন সদস্যের তদন্ত টিমও করা হচ্ছে। কমিটির রিপোর্টের প্রেক্ষিতে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



