স্থানীয় সংবাদ

কলারোয়ায় এক যুবকের মৃতদেহ উদ্ধার

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদের পেছনে মোবাইল টাওয়ারের পাশে একটি ডোবা থেকে এ মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতের নাম মেহেদি হাসান (২৮)। তিনি উপজেলার কয়লা ইউনিয়নের কয়লা গ্রামের মিজানুর রহমানের ছেলে। পেশায় মধু ব্যবসায়ী ওই যুবকের স্ত্রী ও চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর থেকে মেহেদীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সকালে জালালাবাদ ইউনিয়ন পরিষদের পেছনের ডোবার ধারে একটি মরদেহ দেখেন স্থানীয়রা। তারা বিষয়টি পুলিশকে জানায়। পরে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে থানা পুলিশ। নিহতের মা মনোয়ারা বেগম জানান, তাঁর ছেলে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়েছিল। রাতে সে আর বাড়ি ফেরেনি। সকালে লোকজন এসে জানায়, জালালাবাদ এলাকায় তার ছেলের মৃতদেহ পাওয়া গেছে। খবর পেয়ে সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীনসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কলারোয়া থানার ওসি এইচ এম শাহীন সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা মেহেদি হাসানকে হত্যা করে মৃতদেহ ডোবায় ফেলে যেতে পারে। মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তবে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button