বিনোদন

কীভাবে কোথায় স্ত্রীসহ দুর্ঘটনার কবলে পড়েন জোভান?

প্রবাহ রিপোর্ট ঃ ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান ও তার স্ত্রী সাজিন আহমেদ নির্জনা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তারা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে দুর্ঘটনার বিষয়টি প্রকাশ করেন জোভান। তিনি জানান, কিছুদিন আগে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল চালানোর সময় দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনার বিস্তারিত নিয়ে এই অভিনেতা জানান, ঈদের পর কাজের চাপ না থাকায় স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন কক্সবাজারে। সেখানে মেরিন ড্রাইভ রোডে নিজেই স্কুটি চালাচ্ছিলেন জোভান। তার স্ত্রী পেছনে বসেছিল। ভোজান বলেন, আমরা মেরিন ড্রাইভ রোডের হিমছড়িতে ছিলাম। বাইক চালিয়ে যাচ্ছিলাম। হঠাৎই আমাদের সামনে থাকা একটি সিএনজি কোনো সিগন্যাল না দিয়ে দ্রুত ইউটার্ন নেয়। এমন অবস্থায় হঠাৎই ব্রেক করতে গিয়ে আমরা দুজনই রাস্তায় পড়ে যাই। গত ১১ জুন এ ঘটনা ঘটে। জোভান আরও বলেন, আমরা উভয়েই শরীরের বেশ কিছু জায়গায় আঘাত পাই। আমার স্ত্রীও আহত হয়। আমাদের হাত ও পা ছুলে যায়। কিছু জায়গায় জখম হয়। পরের দিন আমরা ঢাকায় ফিরি। এখন নিয়মিত চিকিৎসা নিতে হচ্ছে। জানা গেছে, নিয়মিত ড্রেসিং করতে হচ্ছে তাদের। এই অবস্থায় আপাতত কোনো শুটিং রাখেননি জোভান। চিকিৎসকের কথামতো এখন নিয়মিত বিশ্রাম নিতে হবে। এদিকে ফেসবুক পোস্টে ভক্তদের উদ্দেশে সতর্কবার্তাও দিয়েছেন এই অভিনেতা। তিনি সবাইকে মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহারের পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান। ওই পোস্টে জোভান লেখেন, বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করুন, ট্রাফিক আইন মেনে চলুন। কারণ আপনার জন্য অপেক্ষা করে আছে আপনার পরিবার, আপনার প্রিয় মানুষগুলো। গন্তব্যে একটু দেরিতে পৌঁছানো ভালো, কিন্তু নিরাপদে পৌঁছানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এদিকে অভিনেতার দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পর ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তার পোস্টের মন্তব্যঘরে অনেকেই দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং নিরাপদে থাকার পরামর্শ দিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button