স্থানীয় সংবাদ

সাংবাদিক মামুন রেজার প্রথম মৃত্যুবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার ঃ দৈনিক সমকাল ও চ্যানেল ২৪-এর খুলনা ব্যুরো প্রধান মামুন রেজার প্রথম মৃত্যুবার্ষিকী আজ শনিবার (২০ জুন)। ২০২৫ সালের এই রাতে আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন তিনি। মাত্র ৪৫ বছর বয়সে তার এই অকাল প্রয়াণে সহকর্মীদের মাঝে যে শোকের ছায়া নেমে এসেছিল, তা আজও বিরাজমান। বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী মামুন রেজা প্রতিষ্ঠালগ্ন থেকেই সমকাল ও চ্যানেল ২৪-এর খুলনা ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি দৈনিক যুগান্তরের খুলনা ব্যুরোতে স্টাফ রিপোর্টার হিসেবেও কর্মরত ছিলেন। মামুন রেজা সাংবাদিকদের বিভিন্ন মর্যাদাশীল সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। তিনি চারবার খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দুবার খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি এবং খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এদিকে মরহুমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার বাদ আসর সমকাল ও চ্যানেল ২৪ কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে মরহুমের একমাত্র সন্তান জাওয়াদ রেজা, খুলনা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলামসহ মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন ও খুলনা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সমন্বয়কারী অ্যাডভোকেট মোমিনুল ইসলামসহ খুলনায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও ক্যামেরাপার্সনরা উপস্থিত ছিলেন। পাশাপাশি মরহুমের পরিবারের পক্ষ থেকে দিঘলিয়া উপজেলার নিজ গ্রামেও দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে সমকালের স্টাফ রিপোর্টার আবুল হাসান হিমালয়, ক্যামেরাপার্সন জাহিদুল ইসলাম, চ্যানেল ২৪ খুলনার স্টাফ রিপোর্টার বেল্লাল হোসেন সজল ও ক্যামেরাপার্সন জাকারিয়া তুষার উপস্থিত ছিলেন। দিসটি উপলক্ষে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) আজ শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে শোকসভা ও দোয়ার আয়োজন করেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button