স্থানীয় সংবাদ

সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান প্রতিমন্ত্রী অমিতের সরকারকে খুশি করা নয়

যশোর ব্যুরো : যশোরে সাংবাদিকদের আধুনিক প্রযুক্তিনির্ভর দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ জুন) সকালে প্রেসক্লাব যশোরে এ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ ২০ থেকে ২২ জুন পর্যন্ত চলবে। এতে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রায় ৭০ জন সাংবাদিক অংশ নিচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, বর্তমান যুগ প্রযুক্তিনির্ভর হওয়ায় সাংবাদিকতার সঙ্গে আধুনিক প্রযুক্তির সমন্বয় এখন অপরিহার্য হয়ে উঠেছে। এআই, মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং তথ্য যাচাইয়ের দক্ষতা অর্জনের মাধ্যমে সাংবাদিকরা আরও নির্ভুল, সময়োপযোগী ও গ্রহণযোগ্য সংবাদ পরিবেশন করতে সক্ষম হবেন। প্রতিমন্ত্রী আরও বলেন, সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি একটি দায়িত্বশীল কাজ। তিনি প্রবীণ সাংবাদিকদেরও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রমে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন, যাতে তারা নতুন প্রযুক্তির সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে পারেন। তার মতে, প্রযুক্তির ব্যবহার বাড়লেও সংবাদ পরিবেশনে নৈতিকতা ও দায়িত্বশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি।
তিনি অতীতের গণমাধ্যম পরিস্থিতি তুলে ধরে বলেন, স্বৈরাচারী শাসনামলে অনেক সময় রাজনৈতিক প্রভাবের কারণে সত্য সংবাদ প্রকাশ বাধাগ্রস্ত হয়েছে। তবে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে গণমাধ্যমকে আরও স্বাধীন ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, “সংবাদ অবশ্যই সত্য ও বস্তুনিষ্ঠ হতে হবে—সরকারকে খুশি করার জন্য নয়, জনগণের জন্য সংবাদ প্রকাশ করতে হবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান এবং পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। এছাড়া জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ স্থানীয় প্রশাসন ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, তিন দিনের এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি, ফ্যাক্ট চেকিং কৌশল এবং সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করবেন। এতে সাংবাদিকদের ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button