জাতীয় সংবাদ

ফেনীতে ৪০ দিন জামাতে নামাজ আদায় করে সাইকেল পেল ৯ কিশোর

প্রবাহ রিপোর্ট ঃ ফেনীর দাগনভূঞায় টানা ৪০ দিন মসজিদে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে সাইকেল উপহার পেয়েছে ৯ জন শিশু-কিশোর। একই সঙ্গে ১০টি সূরা মুখস্থ ও মাসয়ালা-মাসায়েল প্রতিযোগিতায় অংশ নেওয়া ৪১ জনকে শিক্ষা উপকরণ ও ইসলামিক বই দেওয়া হয়েছে। শনিবার (২০ জুন) বিকেলে দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের ওমরাবাদ গ্রামে ‘আলোর মশাল’-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও সমাজসেবক অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন দাগনভূঞা-সোনাগাজী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডা. ফখরুদ্দিন মানিক। বিশিষ্ট ব্যবসায়ী শহীদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হারুন, ওমরাবাদ সমাজকল্যাণ সংস্থার সভাপতি নুরুল আফসার, আইআইইউসির প্রভাষক আহমদ শাহ মাসুদ সাইফুল, পূর্ব চন্দ্রপুর উন্নয়ন পরিষদের সভাপতি ফখরুল ইসলাম এবং আমুভূঞারহাট হাসানিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবদুল ওহাব। বেতুয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা মনির হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বীকন মডেল কলেজের প্রভাষক ও ওমরাবাদ সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল-মামুন, যুগ্ম সম্পাদক হাফেজ নাসির উদ্দিন, সংস্থার সদস্য ডা. শাহজাহান ও সমাজসেবক মনিরুল আজিম। এ ছাড়া উপস্থিত ছিলেন ‘আলোর মশাল’-এর আহ্বায়ক শাহাদাত হোসেন এবং সদস্য আবু বকর সিদ্দিক রাফিসহ অনেকে। আয়োজকরা জানান, শিশু-কিশোরদের মসজিদমুখী করা, নামাজের গুরুত্ব সম্পর্কে সচেতন করা, আল্লাহর পরিচয় ও ইসলামী শিক্ষা অর্জনে উৎসাহিত করা এবং সমাজে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তারা আরও জানান, তিনটি মসজিদের মোট ৪১ জন শিশু-কিশোর এ প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্যে টানা ৪০ দিন জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ৯ জনকে সাইকেল উপহার দেওয়া হয়। এছাড়া অংশগ্রহণকারী ৪১ জনের সবাইকে স্কুলব্যাগ, শিক্ষাসামগ্রী, ইসলামিক বই ও ক্রেস্ট প্রদান করা হয়। ‘আলোর মশাল’-এর আহ্বায়ক শাহাদাত হোসেন বলেন, প্রতিযোগিতার ঘোষণা দেওয়ার পর থেকেই শিশু-কিশোররা নিয়মিত মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় শুরু করে। পাশাপাশি তাদের প্রাথমিক সূরাগুলো অর্থসহ মুখস্থ করানো হয়েছে। একটানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায়ের ভিত্তিতে বিজয়ীদের সাইকেল পুরস্কার দেওয়া হয়েছে। তিনি বলেন, শিশুদের ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button