খুলনা বিভাগে হামের প্রকোপ অব্যাহত : ২৪ ঘণ্টায় শনাক্ত ৬৪ নতুন রোগী

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগের ১০ জেলায় হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। পরিচালক (স্বাস্থ্য) এর দপ্তর, খুলনা বিভাগের সর্বশেষ ২১ জুন প্রতিবেদনে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৬৪ জন নতুন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে ৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৩৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় বিভাগে হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ ২০২৬ থেকে ২১ জুন ২০২৬ সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগে মোট ৬ হাজার ৬৪৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৬ হাজার ২১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৫ হাজার ৮৯৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ সময় বিভাগে মোট ২৮ জন সন্দেহজনক হামজনিত মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্তের ক্ষেত্রে কুষ্টিয়ায় ১২ জন, মাগুরায় ১৫ জন, খুলনায় ১৪ জন, ঝিনাইদহে ৮ জন, যশোরে ৫ জন, চুয়াডাঙ্গায় ৪ জন, মেহেরপুরে ২ জন, সাতক্ষীরায় ১ জন এবং নড়াইলে ৩ জন রোগী শনাক্ত হয়েছেন। বাগেরহাটে নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।
জেলাভিত্তিক মোট রোগীর সংখ্যায় কুষ্টিয়া শীর্ষে রয়েছে। জেলায় এ পর্যন্ত ১ হাজার ৮৭৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এরপর খুলনায় ৯৩৩ জন, মাগুরায় ৮৬৪ জন, যশোরে ৭৮৬ জন, ঝিনাইদহে ৫১৭ জন, মেহেরপুরে ৪৫৮ জন, চুয়াডাঙ্গায় ৩৬৯ জন, নড়াইলে ৩৫৬ জন, বাগেরহাটে ২৯৪ জন এবং সাতক্ষীরায় ১৯৪ জন রোগী শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিভাগ জনগণকে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা, জ্বর ও শরীরে লালচে দানা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে।



