৯৯৯-এর দুই অভিযানে গ্রেনেড-পিস্তল উদ্ধার : ইয়াবাসহ আইনজীবী গ্রেপ্তার

প্রবাহ রিপোর্ট ঃ জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ পাওয়া দুটি পৃথক অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে রাজশাহীতে বিদেশি পিস্তল, গুলি, হ্যান্ড গ্রেনেড ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার এবং চাঁদপুরে ইয়াবাসহ এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহীতে ৯৯৯ নম্বরে ফোন করে ফয়সাল ইবনে সেলিম শেখ (৩৫) নামের এক ব্যক্তি জানান, তাকে গুলি করে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়েছে। তিনি রাজশাহী নগরীর শাহ মখদুম থানার ছায়ানীড় আবাসিক এলাকার একটি বাসা থেকে দ্রুত সহায়তা চান। খবর পেয়ে শাহ মখদুম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ ফয়সালকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও গুলির খোসা উদ্ধার করা হয়। পরবর্তীতে সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে। সেখানে আমেরিকায় তৈরি ৭.৬৫ ক্যালিবারের একটি পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, একটি তাজা কার্তুজ, ব্যবহৃত কার্তুজের খোসা, গানপাউডার, ছুরি, বিস্ফোরক তৈরির উপাদান এবং একটি হ্যান্ড গ্রেনেডসহ মোট ২১ ধরনের আলামত জব্দ করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে, চাঁদপুরে স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ৯৯৯-এর সহায়তায় এক আইনজীবীকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। ৯৯৯ নম্বরে ফোন করে এক নারী অভিযোগ করেন, তার স্বামী নিয়মিত মাদক সেবন করেন এবং প্রায়ই তাকে মারধর করেন। অভিযোগে তিনি আরও জানান, ওই সময় তার স্বামী বাসায় বসে মাদক সেবন করছিলেন এবং তার কাছে বিপুল পরিমাণ মাদক রয়েছে। অভিযোগ পাওয়ার পর বিষয়টি চাঁদপুর সদর থানাকে জানানো হলে এসআই আব্দুল আলীমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানে চাঁদপুর সদর উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের রেলওয়ে কাঁচা কলোনির একটি বাড়ি থেকে আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ এমরান (৪৫)কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার (২২ জুন) জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইন (৯৯৯)-এর জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার গণমাধ্যমকে এ দুটি ঘটনার তথ্য জানান। তিনি বলেন, রোববার প্রাপ্ত ফোনকলের ভিত্তিতে পুলিশ পৃথক দুটি অভিযান পরিচালনা করে এবং এসব সাফল্য অর্জন করে।



