গাড়ি থেকে জিরা ও পণ্য লুটের অভিযোগে সাংস্কৃতিক নেতা গ্রেপ্তার

প্রবাহ রিপোর্ট ঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জিরাবাহী গাড়ি ও পণ্য লুটের ঘটনায় জাতীয়তাবাদী সাংস্কৃতিক সামাজিক সংস্থার (জাসাস) বহিষ্কৃত নেতা জাহেদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল রাজ্জাক। তিনি বলেন, ড্রাইভার ও হেল্পারকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে প্রায় ২০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৪ হাজার ৮০০ কেজি জিরা ছিনতাইয়ের অভিযোগে তাকে শনিবার দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ রয়েছে, জাসাস নেতা জাহেদ আলী ও তার সহযোগীরা ড্রাইভার ও হেল্পারকে প্রাণনাশের হুমকি দিয়ে গাড়িটির নিয়ন্ত্রণ নেন। পরে শহরতলীর উত্তরসুর এলাকায় ড্রাইভার ও হেল্পারকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে ৪ হাজার ৮০০ কেজি জিরা, ২০ হাজার টাকা নগদ ও দুটি স্মার্টফোনসহ গাড়িটি লুট করে নিয়ে যান। জানা গেছে, সিলেটের জৈন্তাপুর এলাকার ব্যবসায়ী আফজালুর রহমানের ১৬০ বস্তা জিরাবাহী কাভার্ডভ্যানটি গত মঙ্গলবার বিকেলে শ্রীমঙ্গল শহরের পুরানবাজার এলাকায় পৌঁছায়। ব্যবসায়ী আফজালুর রহমান জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর শনিবার রাতে তিনি শ্রীমঙ্গল থানায় মামলা করেন। এরপর রাত আড়াইটার দিকে শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) বাবলু পালের নেতৃত্বে পুলিশের একটি দল শহরে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত জাহেদ আলীকে (৩০) গ্রেপ্তার করে। গ্রেপ্তার জাহেদ আলী শ্রীমঙ্গল শহরের শাহীবাগ এলাকার মৃত নায়েব আলীর ছেলে। গত বছরের জুলাই মাসে চাঁদাবাজির অভিযোগে জাহেদ আলীকে জাসাসের শ্রীমঙ্গল পৌর শাখার সদস্য সচিব পদ থেকে অব্যাহতি দেয় সংগঠনটির মৌলভীবাজার জেলা কমিটি। পরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র পরিপন্থি কর্মকা-ের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।


