স্থানীয় সংবাদ

দীর্ঘ ১০ মাস পর সচল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সিটি স্ক্যান মেশিন, কমেছে রোগীদের ভোগান্তি

খুমেক থেকে ঃ শেখ মোঃ জাকির হোসেন ঃ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের দীর্ঘদিন অচল থাকা সিটি স্ক্যান মেশিন অবশেষে সচল হয়েছে। প্রায় ১০ মাস ধরে বন্ধ থাকার পর নানা আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ মেশিনটি পুনরায় চালু করতে সক্ষম হয়েছে। গতকাল আনুষ্ঠানিকভাবে মেশিনটি চালু করা হয় এবং আজ থেকে নিয়মিত সেবা কার্যক্রম শুরু হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, মেশিনটি নষ্ট হয়ে যাওয়ার পর রোগীদের সিটি স্ক্যান করাতে হাসপাতালের বাইরে বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে যেতে হতো। এতে অতিরিক্ত খরচের পাশাপাশি চরম ভোগান্তির শিকার হতেন রোগী ও তাদের স্বজনরা। হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন রোগীর স্বজন জানান, সিটি স্ক্যান মেশিনটি বন্ধ থাকায় প্রয়োজনীয় পরীক্ষা করাতে বাইরে যেতে হতো। অসুস্থ রোগীদের নিয়ে যাতায়াত করা ছিল অত্যন্ত কষ্টকর। এখন হাসপাতালের মধ্যেই এই সেবা পাওয়া যাবে, যা রোগীদের জন্য বড় স্বস্তির বিষয়। এ বিষয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার কাজী আইনুল ইসলাম বলেন, অনেক আমলাতান্ত্রিক জটিলতার পর বহু কষ্টের পরে এই সিটি স্কিন মেশিন সচল করা হয়েছে, আশা করি এখন আর ভর্তি রোগীদের বাইরে যেতে হবে না, তারা সরকারি নির্ধারিত ফি দিয়েই এই হাসপাতাল থেকে সিটি স্ক্যান করাতে পারবে, আর এতে করে রোগীদের দুর্ভোগ ও যেমন কমবে, সময়ও বাঁচবে। সিটি স্ক্যান বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, শুক্রবার ছাড়া প্রতিদিন হাসপাতালের ভর্তি রোগী ও বাইরের সাধারণ মানুষ সরকারি নির্ধারিত ফি পরিশোধ করে সিটি স্ক্যান করাতে পারবেন। এতে চিকিৎসাসেবা আরও সহজলভ্য হবে এবং রোগীদের সময় ও অর্থ দুটিই সাশ্রয় হবে। দীর্ঘ প্রতীক্ষার পর সিটি স্ক্যান মেশিন সচল হওয়ায় হাসপাতালের রোগী, স্বজন এবং চিকিৎসকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ সেবা চালু থাকলে খুলনা অঞ্চলের হাজারো রোগী সরাসরি উপকৃত হবেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button