বাল্য বিবাহ প্রতিরোধে রেভা পলস স্কুলে ক্যাম্পেইন

স্টাফ রিপোর্টার ঃ “বাল্য বিবাহের বিরুদ্ধে, আওয়াজ তুলি একসাথে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৩ জুন খুলনা ওয়াইডাব্লিউসিএ’র রাইজআপ টিম রেভা, পলস্ হাই স্কুলের প্রাঙ্গণে একটি ক্যাম্পেইনের আয়োজন করে। ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন খুলনা ওয়াইডাব্লিউসিএ’র সাধারন সম্পাদক লীলা মৃধা, বাংলাদেশ ওয়াইডাব্লিউসিএ’র রাইজআপ ইয়ুথ লীড ক্রিস্টিনা দিয়া বালা ও ফিওনা সরকার। অতিথী হিসাবে উপস্থিত ছিলেন হোপ পলিটেকনিকাল ইন্সটিটিউট এর পরিচালক ডেভিড টমাস গমেজ, রেভা, পলস্ হাই স্কুলের প্রধান শিক্ষক অদ্রীস দীপঙ্কর এবং খুলনা খ্রীষ্টিয়ান ঐক্য ফ্রন্ট এর সভাপতি সুজানা জলি মুন্সি। এছাড়াও কারিতাস বাংলাদেশ এর পক্ষে উপস্থিত ছিলেন জয় সরকার। বাল্য বিবাহ শুধু একজন কিশোরীর স্বপ্ন পূরণের অন্তরায় নয়, এটি সমাজে নারী অধিকার লঙ্ঘনের প্রধান ও প্রথম পদক্ষেপ। বাল্য বিবাহের মূল কারণ অসচেতনতা, নিরাপত্তার অভাব ও দারিদ্রতা। বাল্য বিবাহ একটি মেয়ের স্বপ্ন যেমন শেষ করে দেয় তেমনি অপরিনত বয়সে গর্ভধারণের ফলে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার বৃদ্ধি পায়। তাই বাল্য বিবাহ প্রতিরোধে আইনি সহায়তার জন্য ৯৯৯ ৫১০৯ নম্বরে যোগাযোগের জন্য সকলকে আহবান জানানো হয়। এই ক্যাম্পেইনে খুলনা ওয়াইডাব্লিউসিএ’র রাইজআপ টিম এর যুব সদস্যরা বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক একটি নাটক ও জারি গান উপস্থাপন করেন। বাল্য বিবাহের কুফল, নারীর অধিকার ও বাল্য বিবাহের বিরুদ্ধে আইনি সহায়তার তথ্য এই নাটক ও জারি গানের মাধ্যমে প্রচার করা হয়। স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে তথ্য বিনিময় ও বাল্য বিবাহের বিবুদ্ধে বার্তা প্রচার করা হয়। ৮ম, ৯ম ও ১০ম শ্রেণীর ছাত্রীদের সেনেটারী ন্যাপকিন, লিফলেট ও চাবির রিং উপহার হিসাবে প্রদান করা হয়।


