খুলনা বিভাগে এ পর্যন্ত হামে ২৮ জনের মৃত্যু : গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭৪

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগ-এ হামের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৭৪ জন সন্দেহজনক হাম রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ৬৪ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তবে এ সময়ে সন্দেহজনক বা নিশ্চিত হামে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৪ জুন সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগে মোট ৬ হাজার ৮৫৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৬ হাজার ৪১৬ জন নিশ্চিত হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছেন এবং ৬ হাজার ১৩৭ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এ পর্যন্ত বিভাগে নিশ্চিত হামে মোট ২৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বর্তমানে ১৬১ জন নিশ্চিত হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন।
জেলাভিত্তিক তথ্য অনুযায়ী, সর্বোচ্চ ১ হাজার ৯০৮ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে কুষ্টিয়া জেলায়। এছাড়া খুলনা জেলায় ৯৬৭ জন, মাগুরা জেলায় ৮৮৬ জন, যশোর জেলায় ৭৮৮ জন এবং ঝিনাইদহ জেলায় ৫৩৬ জন সন্দেহজনক হাম রোগীর তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য বিভাগ হামের বিস্তার রোধে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা গ্রহণের আহ্বান জানিয়েছে।



