স্থানীয় সংবাদ
ডুমুরিয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি ঃ ডুমুরিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বুধবার সকালে তামিম খান (২১) নামে এক যুবক মারা গেছে। সে উপজেলার মেছাঘোনা গ্রামের রফিকুল খানের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার খণিয়া ইউনিয়নের মেছাঘোনা গ্রামের রফিকুল খানের ছেলে তামিম খান বিদ্যুৎ স্পৃষ্টে মারা গেছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সে বিলের ভিতরে একটি মাছের ঘেরে মোটর মেরামতের কাজে যায়। কাজ চলমান অবস্থায় সে বিদ্যুৎ স্পৃষ্টের শিকার হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এ প্রসঙ্গে স্থানীয় ইউপি সদস্য শেখ রবিউল ইসলাম জানান, গ্রামের মধ্যে তামিম ছিল অত্যন্ত শান্ত ও ধীরস্থির ছেলে। বাপের সাথে কৃষি কাজের পাশাপাশি সে কারেন্টের কাজও করতো। এরই মধ্যে ছেলেটি চির দিনের মতো চলে গেল। ঘটনাটি খুবই দুঃখজনক।



