অনুভূতি জানাতে গিয়ে আবেগাপ্লুত মিম

প্রবাহ রিপোর্ট ঃ ওটিটি প্ল্যাটফর্মে কিছুদিন আগেই মুক্তি পেয়েছে অরিজিনাল ফিল্ম ‘লাইফলাইন’। গল্প, নির্মাণশৈলী ও অভিনয়ের জন্য ইতোমধ্যেই দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। সামাজিক যোগাযোগমাধ্যমজুড়েও চলছে ইতিবাচক আলোচনা। গত ২৫ জুন রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর অডিটোরিয়ামে ‘লাইফলাইন’-এর বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির কলাকুশলী, সাংবাদিক ও বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটর। প্রদর্শনী শুরুর আগে চলচ্চিত্রটির সম্পাদক ময়ূখ বারীর বাবার প্রয়াণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সিনেমাটি প্রদর্শন শেষে অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। বাবা-মেয়ের সম্পর্ককে কেন্দ্র করে নির্মিত গল্পে খায়রুল আলম সবুজ ও মিমের অভিনয় দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। প্রতিক্রিয়া জানাতে গিয়ে খায়রুল আলম সবুজের কণ্ঠও আবেগে ভারী হয়ে ওঠে। মিম ও রেজওয়ান পারভেজের পাশাপাশি সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছেন আ খ ম হাসান। দীর্ঘদিন পর ওটিটিতে তার উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, ‘এটা পরিচালকরা ভালো বলতে পারবেন। আমি অভিনেতা, যেখানে কাজ করার সুযোগ পাই সেখানেই কাজ করি।’ নিজের অভিনয় প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘পর্দায় আমার চরিত্র দেখে ওই চরিত্রকেই মনে হয়েছে, মনে হয়নি আ খ ম হাসান অভিনয় করছেন। এটা পরিচালক এবং ইউনিটের সাফল্য।’ চলচ্চিত্রটির ‘আমারে নাও’ গানটিও দর্শক-শ্রোতাদের মন জয় করেছে। কাজী আসাদের কথায় এবং জাহিদ নিরবেনের সুর ও সংগীত পরিচালনায় গানটিতে কণ্ঠ দিয়েছেন ফাতিমা তুয যাহরা ঐশী। চলচ্চিত্রটি প্রসঙ্গে নির্মাতা কাজী আসাদ বলেন, ভালোবাসার টানে একজন মানুষ কত দূর যেতে পারে, আর সেই পথে কত বড় ঝুঁকি নিতে পারে- এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার মধ্য দিয়েই এগিয়েছে ‘লাইফলাইন’। শহুরে মেয়ে অনন্যার দুর্গম যাত্রা এবং তার পরিণতির ভেতর দিয়ে গভীর কিছু মানবিক অনুভূতির গল্প তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ‘লাইফলাইন’-এ অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, রেজওয়ান পারভেজ, গাজী রাকায়েত, আ খ ম হাসান, খায়রুল আলম সবুজ, নাজনীন হাসান চুমকি, আনিসা নূর আয়াত ও ফাতেমাতুজ জোহরা ইভা।



