মাদকের সবচেয়ে বড় চালান আসে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়ে

# গয়েশ্বর চন্দ্র রায় #
প্রবাহ রিপোর্ট ঃ বিএনপির জেষ্ঠ্য নেতা ও সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বাড়ির আশপাশ কক্সবাজার-টেকনাফ দিয়ে দেশের মাদকের সবচেয়ে বড় চালান আসে। শনিবার (২৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা জানান। এসময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আরেকটা বিষয় আছে, স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের দেশের মাদকের সবচেয়ে বড় চালান আসে উনার বাড়ির আশপাশ দিয়ে, কক্সবাজার-টেকনাফ। আগে শুনতাম বদি, এখন তো বদি নাই, বদি তো বদ হয়ে গেছে। এখন ওইখানকার দায়িত্বটা কে নিয়েছে। বাড়ির আশপাশের লোক, স্বরাষ্ট্রমন্ত্রী তো চেনার কথা। এতদিনে ওইদিক দিয়ে মাদক আসা বন্ধ হওয়া উচিত ছিল। আইন দিয়ে কোনো কিছু হয় না। আইন কার্যকরী করার জন্য সাহস লাগে, সৎ সাহস লাগে, ইচ্ছা লাগে। সুতরাং আমাদের একটা বড় চ্যালেঞ্জ এখন বাংলাদেশে মাদক আসক্তি। তিনি বলেন, এই আমার এলাকায় মানে ঢাকা-৩-এ একটা হসপিটালের সাইনবোর্ড লেখা আছে, আমাদের সাবেক মন্ত্রী মোশাররফ ভাই, তার নাম লেখা আছে এখানে উদ্বোধন করেছেন। আমানউল্লাহ আমান সাহেব উপস্থিত ছিলেন। একটা স্টোন আছে। ১০ শয্যা বিশিষ্ট একটা হসপিটাল পুরো মাদক আক্রান্ত, মানে রোগীও নাই, ডাক্তারও নাই, দারোয়ানও নাই। মাঝে মাঝে তিনটা ছাগল বসে থাকে। একটা নির্বাচনী এলাকার মধ্যে ১০ শয্যা বিশিষ্ট একটা হসপিটাল আছে কি গর্ব আমাদের, কি অহংকার আমরা কত এগিয়েছি, কত কিছু করে ফেলেছি দেশের জন্য। যেখানে আদমশুমারি অনুযায়ী লোকসংখ্যা হলো ৬ লাখ, সাড়ে ৬ লাখ। কিন্তু বেসরকারিভাবে ১৫ লাখ লোকের বসবাস ঢাকা-৩-এ। সেখানে একটা হসপিটাল আছে, তার মধ্যে মাদক আসক্ত।



