জাতীয় সংবাদ

তাজিয়া মিছিলে রশি ধরা নিয়ে ছুরিকাঘাতে পরিচ্ছন্নতাকর্মী নিহত : গ্রেপ্তার ৪

প্রবাহ রিপোর্ট ঃ রাজধানীর সূত্রাপুরে তাজিয়া মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে মো. জাকির হোসেন (৩১) নামে এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু, একটি চাপাতি ও ঘটনার সময় ব্যবহৃত পোশাক উদ্ধার করা হয়েছে। শনিবার (২৭ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশ সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে জানান। শুক্রবার (২৬ জুন) বিকেল ৪টার দিকে সূত্রাপুর থানার বিবিকা রওজা ইমামবাড়া থেকে একটি তাজিয়া মিছিল চকবাজার, লালবাগ হয়ে ধানমন্ডির উদ্দেশে রওনা দেয়। মিছিলটি বাংলাবাজার অতিক্রম করে পি কে রায় রোডের ইস্পাহানি ভবনের সামনে পৌঁছালে বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে কয়েকজন উচ্ছৃঙ্খল যুবক জাকিরকে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করেন। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় জাকিরকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে। বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে সূত্রাপুর থানায় অজ্ঞাতনামা ১৪ থেকে ১৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও অভিযান চালিয়ে শুক্রবার রাতেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ঘটনায় সরাসরি জড়িত চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- মো. রাশেদ (২০), মো. আতিকুল ইসলাম শান্ত (১৬), মো. হৃদয় (১৫) ও মো. শিহাব মোল্লা (১৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তে পুলিশ জানতে পারে তাজিয়া মিছিলে থাকা ডুলির রশি ধরা নিয়ে নিহত জাকির ও হামলাকারীদের মধ্যে প্রথমে বাগবিত-া এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে হামলাকারীরা তাকে ধাওয়া করলে আত্মরক্ষার জন্য তিনি পি কে রায় রোডের ইস্পাহানি ভবনের নিচে আশ্রয় নেন। সেখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যদেরও শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button