পছন্দের ফুটবলার রোনালদো : মেসিকেও ভালো লাগে জয়ার

প্রবাহ রিপোর্ট ঃ ব্রাজিল-আর্জেন্টিনার বাইরে গিয়ে নিজের পছন্দের দলের কথা জানালেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তার সমর্থন পর্তুগালের প্রতি। আর প্রিয় ফুটবলার নাকি ক্রিস্টিয়ানো রোনালদো। ভারতের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফুটবল নিয়ে কথা বলতে গিয়ে এসব তথ্য জানান জয়া আহসান। তার কথায়, তিনি নিয়মিত ফুটবল অনুসরণ করেন। এমনকি ২০১৮ সালে রাশিয়ায় গিয়ে গ্যালারিতে বসে বিশ্বকাপও উপভোগ করেছিলেন। জয়া বলেন, ফুটবলে আমার বেশ আগ্রহ আছে। শেষবার রাশিয়ায় গিয়ে গ্যালারিতে বসে বিশ্বকাপ দেখেছিলাম। পর্তুগালকে খুব ভালোবাসি, কিন্তু চারপাশে সারাক্ষণ আর্জেন্টিনা-ব্রাজিল শুনতে হয়। রোনালদোকে খুব ভালো লাগে। তবে মুশকিল হচ্ছে, মেসিকেও ভালো লাগে। আগামী ১ জুলাই জয়া আহসানের জন্মদিন। তবে জন্মদিন জাঁকজমক করে উদযাপন করতে খুব একটা পছন্দ করেন না বলেই জানান জয়া আহসান। ওই সাক্ষাৎকারে তিনি জানান, কাছের মানুষ ও ভক্তদের ভালোবাসাই দিনটিকে তার কাছে বিশেষ করে তোলে। এদিকে জুলাই মাসেই মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসানের নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। কৌশিক গাঙ্গুলী পরিচালিত সিনেমাটি ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার সিক্যুয়েল। জয়ার ভাষ্য, আগের সিনেমায় তুলনায় নতুন গল্পে নাটকীয়তা আরও বেশি এবং দর্শকদের ভালো লাগবে বলেই তার বিশ্বাস।



