বর্তমান সরকার যদি জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়, তবে আবারও জনতার জাগরণ হবে : মোহাম্মদ মাহফুজুর রহমান

# ৩৬ জুলাই গণঅভ্যুত্থান এর ২য় বার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা #
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, “বর্তমান সরকার যদি জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়, তবে আবারও জনতার জাগরণ হবে। কারণ জনগণ গণতন্ত্র, ন্যায়বিচার এবং নৈতিক নেতৃত্ব চায়।” তিনি বলেন, বর্তমান দু:শাসন, গণতন্ত্রহীনতা ও দমন-পীড়নের পরিবেশ আমাদের আবারও সেই চেতনাতেই ফিরিয়ে নিয়ে যাচ্ছে। আমি স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো মানবিক অধিকার কিংবা ন্যায়বিচার থেকে পিছু হটবে না। আমাদের সংগ্রাম দেশপ্রেমের, ইনসাফ প্রতিষ্ঠার এবং জাতিকে মুক্তির পথে এগিয়ে নেওয়ার। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। নগরীর তারেরপুকুরস্থ জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলমের পরিচালনায় বক্তৃতা করেন নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, অফিস সেক্রেটারি মিম মিরাজ হোসাইন, প্রচার সেক্রেটারি মোহাম্মদ আব্দুল গফুর, কর্মপরিষদ সদস্য মাওলানা আ ন ম আব্দুল কুদ্দুস, মাওলানা আবু বক্কর সিদ্দিক, মাওলানা শাহারুল ইসলাম, অধ্যাপক ড. আবু রুবাবা, অধ্যাপক ইকবাল হোসেন প্রমুখ। মহানগরী আমীর বলেন, ৩৬ জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। জুলাই গণঅভ্যুত্থান ছিল গণমানুষের স্বৈরাচারবিরোধী লড়াইয়ের চূড়ান্ত রূপ। এই দিনে ছাত্র-জনতার ঐক্য ও আত্মত্যাগের মাধ্যমে একটি ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। ছাত্র-জনতা এক কাতারে শামিল হয়ে দুর্নীতিবাজ ও স্বৈরশাসকদের বিরুদ্ধে যে বিদ্রোহ গড়ে তুলেছিল, তা আজও আমাদের জন্য প্রেরণার উৎস। তিনি আরও বলেন, জুলাই কেবল একটি মাস নয়, এটি আধিপত্যবাদের বিরুদ্ধে হুংকার এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার এক ঐতিহাসিক অধ্যায়। জুলাইয়ের ইতিহাস ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরতে হবে। তিনি বলেন, ক্ষমতাসীনরা ক্ষমতায় আসার আগে জুলাইকে ঘিরে যে কথা বলেছিলেন, ক্ষমতায় এসে তার বিপরীত অবস্থান নিয়েছেন। মোহাম্মদ মাহফুজুর রহমান অভিযোগ করেন, সংবিধান সংস্কারের অঙ্গীকার বাস্তবায়ন না করে সরকার জাতীয় ঐক্যে ফাটল সৃষ্টি করেছে। তিনি জুলাইয়ের হত্যাকান্ড এবং মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিচার দ্রুত সম্পন্ন করা; শহীদ ওসমান বিন হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত করা এবং গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করার দাবি জানান।



