স্থানীয় সংবাদ

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম : মোহাম্মদ মাহফুজুর রহমান

# দৌলতপুরের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ #

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগাতে হবে। তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, রোপণকৃত গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি এবং বৃক্ষরোপণের প্রতি আগ্রহ বাড়াতে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রোববার (৫ জুলাই) দৌলতপুর থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। দৌলতপুর থানা জামায়াতের আমীর মুশাররফ হুসাইন আনসারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগরী যুব বিভাগের সভাপতি মুকাররম বিল্লাহ আনসারী। এ সময় অন্যান্যের মধ্যে ৪নং ওয়ার্ড আমীর রেজাউল ইসলাম, ৫নং ওয়ার্ড আমীর ইবাদত হোসেন, থানা যুব বিভাগের সভাপতি ফজলে রাব্বি, সেক্রেটারি বি এম হাসিবুল্লাহ, মতিয়ার রহমান, জহির উদ্দিন, রেদোয়ান হোসেন, আল মামুন, সাবেক ছাত্রনেতা গাজী ফিরোজ, গাজী অহিদুল ইসলাম, নিজাম উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি মহানগরী আমীর বয়স্ক থেকে শুরু করে শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে ফলজ ও বনজ গাছের চারা তুলে দেন। এ কর্মসূচিকে ঘিরে দৌলতপুরে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। বিশেষ করে শিশু-কিশোররা গাছের চারা পেয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করে। মাহফুজুর রহমান বলেন, আসুন, আমরা সবাই বেশি বেশি গাছ লাগাই, পরিবেশ রক্ষা করি এবং একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য খুলনা গড়ে তুলতে একসঙ্গে কাজ করি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button