‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ৬৫ সদস্যের সমন্বয়ক কমিটিতে খুলনার বাপ্পি

জুলাই আন্দোলনের দিনগুলি-৮
এম সাইফুল ইসলাম ঃ চব্বিশের আট জুলাই সোমবার। এ দিন সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে ২০২৪ সালের জুলাইয়ে দেশজুড়ে চলমান আন্দোলনের ধারাবাহিকতায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ৬৫ সদস্যের একটি কেন্দ্রীয় সমন্বয়ক টিম গঠন করে। ওই কমিটিতে খুলনার সরকারি ব্রজলাল (বি.এল.) কলেজের শিক্ষার্থী সাজিদুল ইসলাম বাপ্পি সহ-সমন্বয়ক হিসেবে স্থান পান। বিষয়টি খুলনার আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটি স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়। এদিকে একই দিন ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানীর শাহবাগসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এতে যান চলাচল ব্যাহত হয় এবং অফিসফেরত যাত্রী, সাধারণ মানুষ ও রোগীদের দুর্ভোগে পড়তে হয়। তবে শিক্ষার্থীরা কোটা ব্যবস্থার স্থায়ী সংস্কারের দাবিতে তাদের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন। জুলাই আন্দোলনের ধারাবাহিকতায় ৮ জুলাই ছিল এমন একটি দিন, যেদিন আন্দোলন কেবল রাজপথেই সীমাবদ্ধ থাকেনি; বরং সারাদেশের শিক্ষার্থীদের সমন্বয়ে একটি সাংগঠনিক কাঠামোও দৃশ্যমান রূপ পায়। সেই কাঠামোয় খুলনার প্রতিনিধি হিসেবে সাজিদুল ইসলাম বাপ্পির অন্তর্ভুক্তি স্থানীয় পর্যায়ে আন্দোলনের অংশগ্রহণ ও নেতৃত্বের একটি উল্লেখযোগ্য অধ্যায় হয়ে রয়েছে। ২০২৪ সালের ৮ জুলাই (সোমবার) সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, কোটাবৈষম্যের বিরুদ্ধে আন্দোলনকে আরও সমন্বিত ও বেগবান করতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে ৬৫ সদস্যবিশিষ্ট এই সমন্বয়ক টিম গঠন করা হয়েছে। এতে ২৩ জন সমন্বয়ক এবং ৪২ জন সহ-সমন্বয়ক অন্তর্ভুক্ত হন। সমন্বয়কদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ, মাহিন সরকার, আব্দুল কাদের, আবু বাকের মজুমদার, আব্দুল হান্নান মাসুদ, আদনান আবির, জামান মৃধা, মোহাম্মদ সোহাগ মিয়া, নুসরাত তাবাসসুম, রাফিয়া রেহনুমা হৃদি, মুমতাহীনা মাহজাবিন মোহনা, আনিকা তাহসিনা, উমামা ফাতেমা, আলিফ হোসাইন ও কাউসার মিয়া। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরিফ সোহেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাসেল আহমেদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আসাদুল্লাহ আল গালিব, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের তৌহিদ আহমেদ আশিক এবং ইডেন মহিলা কলেজের সাবিনা ইয়াসমিনও সমন্বয়ক হিসেবে দায়িত্ব পান।



