যশোরে বাঁশঝাড়ে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

যশোর ব্যুরো ঃ যশোর সদর উপজেলার নারাংগালী গ্রামে একটি বাঁশঝাড় থেকে হামিদ বিশ্বাস (৬০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) সকালে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহত হামিদ বিশ্বাস নারাংগালী উত্তরপাড়া গ্রামের মৃত জনাব আলী বিশ্বাসের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, ফজরের নামাজের পর থেকে সকাল সাড়ে ১১টার মধ্যে কোনো এক সময় তিনি গ্রামের অজিবরের বাঁশঝাড়ে গিয়ে নিজের ব্যবহৃত গামছা দিয়ে গলায় ফাঁস নেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে স্থানীয় লোকজন তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় যশোর কোতয়ালী মডেল থানায় অপমৃত্যু মামলা হয়েছে।



