জাতীয় সংবাদ

মোংলায় নিখোঁজ মিরাজ শেখকে হাজির করতে হাইকোর্টের নির্দেশ

প্রবাহ রিপোর্ট : বাগেরহাটের মোংলায় নিখোঁজ মিরাজ শেখকে উদ্ধার করে ১৫ দিনের মধ্যে হাজির করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আইনশঙ্খলা বাহিনীকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। রবিবার (১২ জুলাই) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।
আইনজীবী বলেন, বাগেরহাট জেলার মোংলা উপজেলার জয়মনি এলাকার বাসিন্দা মিরাজ শেখ (পেশায় মোটরসাইকেল ভাড়া চালক) গত ১০ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৫টার দিকে জয়মনি ঠাটার একটি চায়ের দোকান থেকে দুইজন সিভিল পোশাকধারী কোস্ট গার্ড সদস্য কর্তৃক তুলে নেওয়া হয়। অভিযোগ রয়েছে, তাকে হারবাড়িয়া কোস্ট গার্ড স্টেশনে নিয়ে যাওয়া হয়। পরবর্তী সময়ে একটি কোস্ট গার্ড স্পিড বোটে ৭-৮ জন ইউনিফর্ম পরিহিত সদস্য পন্টুনে এসে তার সঙ্গে ছবি ও ভিডিও ধারণ করে তাকে বোটে করে নিয়ে চলে যায়। এই ঘটনার পর পরিবার স্থানীয় থানায় যোগাযোগ করে এবং ২৩ এপ্রিল একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পন্টন কোস্ট গার্ডের একজন সদস্য (সিএসি) স্বীকার করেন যে মিরাজ তাদের হেফাজতে রয়েছেন এবং ২-৩ দিনের মধ্যে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হবে মর্মে আশ্বাস দেন। কিন্তু পরবর্তী সময়ে দিগরাজ কোস্ট গার্ড বেইজ থেকে সম্পূর্ণরূপে অস্বীকার করা হয় যে তারা মিরাজ শেখ নামে কাউকে আটক করেছে। আজ পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি এবং তার বিরুদ্ধে কোনো আইনি প্রক্রিয়াও অনুসৃত হয়নি।
এই পরিস্থিতিতে মিরাজ শেখের বাবা মোস্তফা শেখ তার নিখোঁজ ছেলেকে উদ্ধারের লক্ষ্যে ২২ জুন হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করেন। রিটটি দায়ের করা হয়েছে বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১০২(২)(বি)(র) এবং সংবিধানের অনুচ্ছেদ ৩১, ৩২ ও ৩৩ অনুযায়ী মৌলিক অধিকার বলবৎ করার জন্য।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button