স্থানীয় সংবাদ

রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ ভোমরা স্থলবন্দর

সাতক্ষীরা প্রতিনিধি ঃ ২০২৫-২০২৬ অর্থবছরে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। বন্দর কাস্টসম সূত্র জানায়, ২০২৫-২৬ অর্থবছরে ভোমরা স্থলবন্দরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৬৪ কোটি ৮৯ লাখ টাকা। এর বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ১ হাজার ১১৪ কোটি ১৯ লাখ ৮০ হাজার ৬৫৮ টাকা। যা লক্ষ্যমাত্রার মাত্র ৫৩ দশমিক ৯৬ শতাংশ। অর্থাৎ রাজস্ব আদায়ের হার প্রায় অর্ধেকে নেমে এসেছে। বন্দর সংশ্লিষ্টদের মতে, বৈশ্বিক মন্দা, দ্বিপক্ষীয় টানাপোড়েনে আমদানি হ্রাস, আন্তর্জাতিক বাণিজ্যের ধীরগতি এবং শুল্কায়ন কাঠামো পরিবর্তনের কারণে রাজস্ব আদায়ে ভাটা পড়েছে। সেই সাথে ব্যাংক ঋণের সুদের হার বৃদ্ধি, এলসি (ঋণপত্র) খোলায় জটিলতা এবং ডলার সংকটের কারণে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের অস্থিরতা কাটছে না। ভোমরা কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, নানামুখী সমস্যায় আমদানি-রপ্তানি বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে। ব্যবসা কমে যাওয়ায় রাজস্ব খাতে নেতিবাচক প্রভাব পড়ছে। ঘাটতি কাটিয়ে উঠতে এখন সুনির্দিষ্ট ও কার্যকর পরিকল্পনা প্রয়োজন। ভোমরা কাস্টম হাউসের কমিশনার মুশফিকুর রহমান জানান, রাজস্ব অর্জনের লক্ষ্যমাত্রা নির্ভর করে আমদানি-রফতানির ওপর। এনবিআরের নির্দেশনা অনুযায়ী ২০২৬-২৭ অর্থবছরের জন্য নতুন রাজস্ব আহরণ কৌশল নির্ধারণ করা হচ্ছে। নতুন বাজেটের আওতায় ব্যবসাবান্ধব উদ্যোগের পাশাপাশি রাজস্ব বাড়াতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button