স্থানীয় সংবাদ

বাগেরহাটে নিজাম হত্যা মামলার অন্যতম প্রধান আসামি জাহিদ শেখ গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ বাগেরহাটের চিতলমারী উপজেলার আলোচিত নিজাম হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম প্রধান আসামি মো. জাহিদ শেখ (২৮)কে গ্রেফতার করেছে র‌্যাব-৬, সদর কোম্পানি। র‌্যাব-৬ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট সদর থানার টাউন নওয়াপাড়া এলাকার জিয়া হোটেলের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জাহিদ শেখ চিতলমারী উপজেলার চিংগুড়ী গ্রামের বাবর আলীর ছেলে। তিনি হত্যা মামলার এজাহারভুক্ত ৩ নম্বর পলাতক আসামি। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ জানুয়ারি ২০২৬ জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নিজাম উদ্দিন বিশ্বাস (৪৫) চিতলমারী যাওয়ার পথে হামলার শিকার হন। অভিযোগ অনুযায়ী, জাহিদ শেখসহ অন্যান্য আসামিরা তার পথরোধ করে লোহার রড, চাপাতি ও রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। স্থানীয়রা আহত নিজামকে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের বড় ভাই মো. আফতাব উদ্দিন বাদী হয়ে চিতলমারী থানায় জাহিদ শেখসহ সংশ্লিষ্টদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। র‌্যাব-৬ জানায়, গ্রেফতারকৃত জাহিদ শেখকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চিতলমারী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া বিভিন্ন হত্যা, ধর্ষণ, অস্ত্র ও মাদক সংক্রান্ত মামলার আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button