স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ৪৬ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সর্বশেষ রোববার প্রতিবেদনে জানা গেছে, ১২ জুলাই সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের ১০ জেলায় মোট ৪৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে কোনো নিশ্চিত হাম রোগী বা হামে মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে ১৯ জন সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১০ জন করে সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে বাগেরহাট জেলায়। এছাড়া খুলনা ও মাগুরা জেলায় ৯ জন করে, ঝিনাইদহে ৫ জন, নড়াইলে ৪ জন, যশোর ও কুষ্টিয়ায় ৩ জন করে এবং চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ২ জন করে সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন। সাতক্ষীরা জেলায় নতুন কোনো সন্দেহজনক রোগী পাওয়া যায়নি।
অন্যদিকে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১২ জুলাই সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগে মোট ৭ হাজার ৭৩৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৭ হাজার ২৯৬ জন হাসপাতালে ভর্তি, ৭ হাজার ৩৬ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং ৩০ জন সন্দেহজনক রোগীর মৃত্যু হয়েছে।
একই সময়ে বিভাগে ২৪৩ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হলেও নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। স্বাস্থ্য বিভাগ হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ এবং শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button