কাজী হাফিজুর রহমানের নেতৃত্বে ‘সম্মিলিত ব্যবসায়িক পরিষদ’-এর পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

# খুলনা চেম্বারকে আধুনিক, শক্তিশালী ও ব্যবসাবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের অঙ্গীকার
খবর বিজ্ঞপ্তি ঃ দীর্ঘ প্রায় ১৪ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেসিসিআই)-এর নির্বাচনকে সামনে রেখে ‘সম্মিলিত ব্যবসায়িক পরিষদ’ তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। আগামী ২২ আগস্ট অনুষ্ঠিতব্য এ নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে ব্যবসায়ী সমাজে ব্যাপক উৎসাহ, প্রত্যাশা ও নির্বাচনী আমেজ বিরাজ করছে।প্যানেলের সভাপতি প্রার্থী হিসেবে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী কাজী হাফিজুর রহমান।সিনিয়র সহসভাপতি প্রার্থী শেখ আসাদুজ্জামান এবং সহসভাপতি প্রার্থী হিসেবে রয়েছেন কে এম হুমায়ূন কবীর ও মো. কুতুব উদ্দিন। রবিবার দুপুরে উৎসবমুখর পরিবেশে প্যানেলের সকল প্রার্থী একযোগে তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় প্যানেলের নেতৃবৃন্দ জানান,তাদের লক্ষ্য শুধুমাত্র একটি নির্বাচন নয়,বরং খুলনা চেম্বারকে দেশের অন্যতম কার্যকর,আধুনিক, জবাবদিহিমূলক ও ব্যবসাবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করা। ঢাকা ও চট্টগ্রাম চেম্বারের সমপর্যায়ের একটি শক্তিশালী বাণিজ্যিক সংগঠন হিসেবে খুলনা চেম্বারকে প্রতিষ্ঠিত করতে তারা বাস্তবমুখী পরিকল্পনা নিয়ে কাজ করবেন। সভাপতি প্রার্থী কাজী হাফিজুর রহমান, সিনিয়র সহসভাপতি প্রার্থী শেখ আসাদুজ্জামান এবং সহসভাপতি প্রার্থী কে এম হুমায়ূন কবীর এক যৌথ বিবৃতিতে বলেন,আমরা বিশ্বাস করি,একটি শক্তিশালী ও কার্যকর চেম্বারই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিল্প,বাণিজ্য ও বিনিয়োগের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা,নতুন শিল্প স্থাপনে সহায়তা, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং উদ্যোক্তা উন্নয়নই হবে আমাদের অগ্রাধিকার। আমরা ব্যবসায়ীদের একটি ঐক্যবদ্ধ,স্বচ্ছ ও জবাবদিহিমূলক নেতৃত্ব উপহার দিতে চাই। তারা আরও বলেন,ব্যবসায়ীদের সুখে-দুঃখে পাশে থাকা, তাদের যৌক্তিক দাবি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখা এবং সরকারি ও বেসরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে খুলনা অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনাকে আরও বিকশিত করাই হবে আমাদের প্রধান দায়িত্ব।প্যানেলের নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন পর ব্যবসায়ীরা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। তারা আশা প্রকাশ করেন,আগামী ২২ আগস্টের নির্বাচনে ব্যবসায়ীরা স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যোগ্য ও দক্ষ নেতৃত্ব নির্বাচন করবেন।একই সঙ্গে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন,খুলনা চেম্বারের নির্বাচন সম্পূর্ণ নিরপেক্ষ, প্রভাবমুক্ত, স্বচ্ছ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলে ব্যবসায়ী সমাজের আস্থা আরও সুদৃঢ় হবে এবং গণতান্ত্রিক চর্চা নতুন মাত্রা পাবে। সম্মিলিত ব্যবসায়িক পরিষদের পূর্ণাঙ্গ প্যানেল সভাপতি কাজী হাফিজুর রহমান,সিনিয়র সহসভাপতি শেখ আসাদুজ্জামান,সহসভাপতি কে এম হুমায়ূন কবীর, মো. কুতুব উদ্দিন পরিচালক পদপ্রার্থী মো. মিজানুর রহমান, কাজী আব্দুস সোবহান, রউফ ঢালী, আজিজুর রহমান, রফিকুল ইসলাম, জহির শিকদার, গোলাম কিবরিয়া রিপন, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, তানজিমা জেসমিন,জিয়াউর রহমান খান, ইউসুফ হারুন মজনু, ওবায়দুর রহমান, এস. এম. আনাম, আহসানুল কবির এবং জুনায়েদ খান।সহযোগী পরিচালক পদপ্রার্থী, মোল্লা মোহাম্মদ মোশারফ হোসেন, নাজমুস সাকিব পিন্টু, এমদাদুল হক, নাজমুল ইসলাম, হাসানুল ইসলাম কল্লোল এবং খন্দকার ইকবাল কবির। সম্মিলিত ব্যবসায়িক পরিষদের অঙ্গীকার ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ও অধিকার প্রতিষ্ঠা,নতুন শিল্প ও বিনিয়োগ আকর্ষণে কার্যকর উদ্যোগ,উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি,আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক চেম্বার পরিচালনা,ব্যবসায়ী সমাজের ঐক্য, সম্প্রীতি ও অংশীদারিত্ব জোরদার,দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে কার্যকর নেতৃত্ব প্রদান।



