১০ লাখ টাকায় মাদককারবারিকে মুক্তি : ৪ পুলিশ ক্লোজড

প্রবাহ রিপোর্ট ঃ মাদক উদ্ধার অভিযানে গিয়ে ১০ লাখ টাকার বিনিময়ে প্রাইভেটকারসহ মাদকের বড় চালান ছেড়ে দেওয়ার অভিযোগে লালমনিরহাটের হাতীবান্ধা থানার ৪ পুলিশ অফিসারকে ক্লোজ করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার। পুলিশ অফিসাররা হলেন, হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) তুহিন, এসআই রিমন মিয়া, সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল হাকিম এবং এএসআই লুৎফর রহমান। পুলিশ ও স্থানীয়রা জানান, গত ১৭ জুলাই দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধার বোর্ডের হাট বাজার এলাকায় এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালান ওই চার পুলিশ অফিসার। অভিযানে একটি সাদা প্রাইভেটকার, একটি মোটরসাইকেল ও বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়। তবে জব্দকৃত আলামত থানায় না নিয়ে কৌশল বদলে কয়েক কিলোমিটার দূরে ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে নিয়ে যাওয়া হয়। সেখানে বৈঠক করে রফাদফা করে দরকষাকষির এক পর্যায়ে ১০ লাখ টাকায় এ চালান ছেড়ে দেন পুলিশ অফিসাররা। বৈঠকের স্থানের সিসিটিভি ফুটেজ থেকে বিষয়টি জানাজানি হয়। এ অভিযানিক দলটি গত ১৮ জুলাই উপজেলার ভবানিপুর গ্রামে এমন অভিযানে গেলে গ্রামবাসীর তোপের মুখে পড়ে। এমন অভিযোগ ওঠায় জেলা পুলিশ এসবের তদন্ত করতে অভিযুক্তদের লালমনিরহাট পুলিশ লাইনসে ক্লোজ করেন। একই সাথে ঘটনাটি তদন্তে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। ঘটনার সত্যতা নিষ্চিত করে হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বলেন, ঘটনার প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় ৪ অফিসারকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ঘটনা তদন্তে জেলা পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জেনেছি।



