মানুষের আস্থা অর্জনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী

—শনিবার স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্থানীয় নেতাদের নির্দেশ দিয়েছেন যেকোনো মূল্যে জনগণের আস্থা অর্জন করতে হবে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন হবে ফ্রি ফেয়ার, কোনো রকম ভায়াস হওয়ার সুযোগ নেই বলে স্পষ্ট বার্তা দিয়েছেন।
এছাড়া জাতীয় নির্বাচনে কোথায় কোথায় ভুল হয়েছে সেখান থেকে শিক্ষা নিয়ে আগামীর জন্য প্রস্তুতি নিতেও বলেছেন দলীয় প্রধান। সেইসঙ্গে স্থানীয়ভাবে ঐক্যবদ্ধভাবে বিএনপি নেতারা যাতে একক প্রার্থী বাছাই করে সেই নির্দেশনাও দিয়েছেন তারেক রহমান।
দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে ধারাবাহিকভাবে সাংগঠনিক সভা করছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় প্রতি সপ্তাহই ছুটির দিন গুলশানে রাজনৈতিক কার্যালয়ে সাংগঠনিক সভা করছেন তিনি। দলের দ্রুত সাংগঠনিক পুনর্বিন্যাসে প্রয়োজনীয় দিক-নির্দেশনার পাশাপাশি সরকার পরিচালনার ক্ষেত্রে দেশের মানুষের জন্য নেতাকর্মীদের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিচ্ছেন বিএনপি প্রধান।
দায়িত্বশীল নেতারা বলেছেন, দলের জাতীয় কাউন্সিলের আগে দলের চেয়ারম্যান তৃণমূলের নেতাদের কাছ থেকে সাংগঠনিক অবস্থা জেনে নিচ্ছেন। এছাড়া স্থানীয় নির্বাচনের আগে দলকে সুসংগঠিত করার লক্ষ্যেই মতবিনিময় করেছেন। সরকারের বিভিন্ন জায়গায় রাজনৈতিক নেতাদের নিয়োগকে দেশ ও দলের জন্য ত্যাগকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। রাজনীতির মাঠে চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণের মূল্যায়ন করা হচ্ছে।
শনিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে রংপুর বিভাগের নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার এবং রংপুর জেলা মহানগরের দলীয় নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনির হাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবীব দুলু, সহ সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, শামীম কায়সার লিংকন এমপি, বিএনপি নেতার আমিনুল ইসলামসহ জেলার নেতায় এ সভায় অংশ নেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, এটা একটি থারাবাহিক বৈঠক। তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী রাখতেই এই মতবিনিময় সভা করছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি তৃণমূল পর্যায়ে সংগঠনের খোঁজ-খবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় নির্দেশনাও দিচ্ছেন।
সভায় অংশ নেওয়া গাইবান্ধা-৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য শামীম কায়সার লিংকন বলেন, এটা মূলত, সাংগঠনিক সভা। এখানে সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে। দলকে কীভাবে সংগঠিত এবং ঐক্যবদ্ধ রাখা যায়।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তৃণমূলে বিএনপির নেতারা যাতে আলোচনা করে একক প্রার্থী ঠিক করে। এবং অতীতে যে ভুলগুলো হয়ে তা থেকে শিক্ষা নিয়ে প্রার্থী বাছাই করা হয়। কোনো ভাবেই যেন দলের একাধিকা প্রার্থী না থাকে।
এর আগে গত ১৯ জুলাই রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে রংপুর বিভাগের ঠাকুরগাঁও, পঞ্চগড়, ও দিনাজপুর জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক সভা করেন তারেক রহমান। ধারাবাহিক এ সভায় দলীয় কোন্দল নিরসনের মাধ্যমে দলকে শক্তিশালী করতে মূল দল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে পুনর্গঠনেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলোকে শক্তিশালী ও গতিশীল করতে দল পুনর্গঠন, মেয়াদোত্তীর্ণ কমিটির বিলুপ্তি এবং জেলা, উপজেলা, ইউনিয়ন এমনকি ওয়ার্ড পর্যায়ে নতুন কমিটি গঠনেও গুরুত্ব দেওয়া হয়।
মূলত, স্থানীয় সরকার নির্বাচনের আগেই দলের পুনর্গঠন কার্যক্রম শেষ করতে চান বিএনপি চেয়ারম্যান। চলতি মাসের শুরুতে ৪ জুলাই শনিবার গুলশান কার্যালয়ে ঢাকা জেলা ও মহানগর দক্ষিণ বিএনপি এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী।



