৩১ বছর আগে তোমাকে ঘরে তুলেছিলাম : মৌসুমীকে ওমর সানী

প্রবাহ রিপোর্ট ঃ ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী তাদের দাম্পত্য জীবনের ৩১তম বিবাহবার্ষিকী উদযাপন করছেন। বিশেষ এই দিনে স্ত্রীকে ভালোবাসা ও শুভকামনা জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন চিত্রনায়ক ওমর সানী। রোববার (২ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মৌসুমীর সঙ্গে একটি ছবি পোস্ট করে সানী লেখেন, হ্যাপি অ্যানিভার্সারি মৌসুমী। আজ থেকে ৩১ বছর আগে তোমাকে ঘরে তুলেছিলাম। আলহামদুলিল্লাহ, তোমার-আমার ঘর আলোকিত করে এসেছে ফারদিন এবং ফাইজা। বেঁচে থাকুক আমাদের সম্পর্ক কবর পর্যন্ত। আমিন। ওমর সানীর এই পোস্টটি প্রকাশের পাঁচ ঘণ্টার মধ্যেই প্রায় ৫৩ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়ে। মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীরা এই তারকা দম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসিয়ে দেন। ১৯৯২ সালে প্রথম দেখা হয় ওমর সানী ও মৌসুমীর। সে সময় সানীর প্রথম সিনেমা মুক্তি পেয়েছিল, আর মৌসুমীর অভিষেক ছবি ‘কেয়ামত থেকে কেয়ামত’ মুক্তির অপেক্ষায়। পরে ১৯৯৩ সালে ‘দোলা’ সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়, যা পরবর্তীতে প্রেমে রূপ নেয়। যদিও আনুষ্ঠানিকভাবে ১৯৯৫ সালের ২ আগস্ট জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়, তবে এর কয়েক মাস আগে, ৪ মার্চ পারিবারিকভাবে গোপনে বিয়ে সম্পন্ন হয়েছিল। দুই পরিবারের সম্মতিতেই সেই বিয়ের আয়োজন হয়েছিল এবং দীর্ঘদিন বিষয়টি গোপন রাখা হয়, যাতে অভিনয়জীবনে কোনো প্রভাব না পড়ে। বর্তমানে ওমর সানী বাংলাদেশে থাকলেও মৌসুমী প্রায় দুই বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ভৌগোলিক দূরত্বের কারণে তাদের সম্পর্ক নিয়ে মাঝেমধ্যে নানা গুঞ্জন ছড়ালেও ওমর সানী বারবার তা নাকচ করেছেন। তিনি বলেছেন, তাদের সম্পর্ক আগের মতোই অটুট রয়েছে। ৩১তম বিবাহবার্ষিকীতে ওমর সানীর আবেগঘন বার্তা সেই দাবিকেই নতুন করে সামনে এনেছে। ভক্তদের প্রত্যাশা, দীর্ঘ তিন দশকের বেশি সময়ের এই দাম্পত্য বন্ধন আরও দীর্ঘ ও সুখময় হোক।



