খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু : হাসপাতালে ভর্তি ৬৭

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৬৭ জন ভর্তি হয়েছেন। একই সময়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ আগস্ট পর্যন্ত বিভাগে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০ জন। একই সময়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ২১৯ জন।
সোমবার (৩ আগস্ট) পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়, খুলনা বিভাগের প্রকাশিত ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খুলনা বিভাগ পরিচালক (স্বাস্থ) ডা: শেখ মো: মোশাররফ হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সর্বোচ্চ ২৬ জন, খুলনা জেলায় ১৪ জন, বাগেরহাটে ১২ জন, যশোরে ৬ জন, নড়াইলে ৫ জন, ঝিনাইদহে ৩ জন এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে একজন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এ সময় সাতক্ষীরা, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে নতুন কোনো রোগী ভর্তি হয়নি। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৯৮৮ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৯৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য ২৫ জন রোগীকে অন্য হাসপাতালে রেফার করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগ ডেঙ্গুর বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পরিষ্কার পানি অপসারণ এবং জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানিয়েছেন।



