স্থানীয় সংবাদ

মশাল মিছিলের ঘটনায় আ’লীগের ১৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা : আটক ৯

যশোর ব্যুরো ঃ যশোর সদর উপজেলার রামনগর-মুড়লী এলাকায় মশাল মিছিলের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ মামলায় পাঁচজন এবং পৃথক দুটি নাশকতা মামলায় আরও চারজনকে আটক করা হয়েছে। সোমবার তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক নয়জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। কোতোয়ালি থানার এসআই ফজলুল হক বাদী হয়ে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ ও নাশকতার অভিযোগে মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফন্টু চাকলাদার, যুবলীগ নেতা সাইদুজ্জামান বাবু (দাতাল বাবু), আওয়ামী লীগ নেতা শেখ আতিকুর বাবুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩৩ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৩১ জুলাই রাত সাড়ে ৯টার দিকে পুলিশ খবর পায়, সদর উপজেলার রামনগর-মুড়লী এলাকায় একদল ব্যক্তি রাষ্ট্রবিরোধী কার্যকলাপের প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়, প্রায় ১৮০ থেকে ২০০ জন নেতাকর্মী ১৫ আগস্টকে কেন্দ্র করে মশাল মিছিল করছে। এ সময় তারা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা দ্রুত ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। পরে তদন্তে জানা যায়, মিছিলটির সার্বিক আয়োজন করেন সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল। পুলিশ জানায়, এ মামলায় রোববার রাতে পাঁচজনকে আটক করা হয়। তারা হলেন পুরাতন কসবার ফারদিন দুর্জয়, ওহিদুল ইসলাম শেখ, ঘোপ নওয়াপাড়া রোডের রাকিবুল রহমান, টালিখোলা পুলিশ লাইন এলাকার আল আমিন এবং মনোহরপুরের সম্রাট হোসেন।
এছাড়া পৃথক আরও দুটি নাশকতা মামলায় সোহাগ খলিফা, সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আকরাম হোসেন এবং সাবেক ইউপি সদস্য মইনুর রহমানকে আটক করা হয়েছে। সোমবার তাদের আদালতে হাজির করা হলে বিচারক নয়জনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।#

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button