মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের চেষ্টা

মাগুরা প্রতিনিধি ঃ মাগুরা-১ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের শহরের নতুন বাজার সাহাপাড়ার বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের চেষ্টা চালিয়েছে একদল ব্যক্তি। বুধবার (৫ আগস্ট) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের নয়াদিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত একটি অনুষ্ঠানে বাংলাদেশের পলাতক কয়েকজন সাবেক মন্ত্রী-এমপি যুক্ত ছিলেন বলে এলাকায় খবর ছড়িয়ে পড়ে। ওই অনুষ্ঠানে সাকিব আল হাসান যুক্ত ছিলেনÑএমন খবরকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, ওই ঘটনার পর একদল ব্যক্তি নতুন বাজার সাহাপাড়ায় অবস্থিত সাকিব আল হাসানের বাড়ির সামনে জড়ো হয়ে ভাঙচুর চালায়। এ সময় বাড়ির একটি জানালার থাই গ্লাস ভেঙে ফেলা হয়। পাশাপাশি গেটে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তবে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক করে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছিল। বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর হামলার ঘটনা ঘটে বলে তারা দাবি করেন। তবে হামলায় কারা জড়িত, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দেখা যায়, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন হিসেবে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যের সঙ্গে সাকিব আল হাসান যুক্ত ছিলেন। এমনকি সাকিবের ভেরিফায়েড ফেসবুক পেজেও ওই অনুষ্ঠানটি প্রচার করা হয়। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মাহমুদ বলেন, ‘সাকিব আল হাসানের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।’ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন ওসি। এ ঘটনায় বুধবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি।



