স্থানীয় সংবাদ

দৌলতপুর সরকারি মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন কেসিসির প্রশাসক

স্টাফ রিপোর্টার ঃ সংস্কৃতি সুন্দর মন তৈরী করে, আমাদের বাঁচতে শেখায়। খুলনা সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া চর্চায় এক সময় সমৃদ্ধ থাকলেও বর্তমানে সকল ক্ষেত্রে আমরা পিছিয়ে পড়েছি। সে কারণে খুলনার সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করতে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ শুক্রবার বিকেলে নগরীর খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলে আয়োজিত গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। খালিশপুরস্থ সাংস্কৃতিক সংগঠন শিল্পাঙ্গন একাডেমীর ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সংগঠনটি এ অনুষ্ঠানের আয়োজন করে। শিল্পাঙ্গন একাডেমী যাতে সুন্দরভাবে পরিচালিত হয় এবং খুলনার সাংস্কৃতিক চর্চায় ভূমিকা রাখতে পারে সে বিষয়ে সিটি কর্পোরেশন সম্ভব সকল প্রকার সহযোগিতা করবে বলে অনুষ্ঠানে প্রশাসক উল্লেখ করেন। খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলের প্রধান শিক্ষক মো: শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সিটি ল’ কলেজের অধ্যাপক এ্যাড. কুদরত-ই-খুদা, এ্যাড. ফজলে হালিম লিটন ও শিল্পাঙ্গন একাডেমীর উপদেষ্টা নিজাম উর রহমান লালু। অনুষ্ঠানে শিক্ষায় মো: সাইফুল ইসলাম, গীতিকারে মোস্তফা নুরুজ্জামান, গবেষনায় এ এইচ এম জামাল উদ্দীন, আবৃত্তিকারে শরীফ উদ্দীন টিটু ও চারুকলায় মো: আলাউদ্দীন বিপ্লবকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুল্লাহ আল মামুন ও শিমুল আক্তার এবং অনুষ্ঠান পরিচালনা করেন প্রশিক্ষক ও পরিচালক সঞ্জয় কুমার সাহা। পরে কেসিসি প্রশাসক দৌলতপুরস্থ সরকারি মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সামাজিক সংগঠন ‘সবুজ পৃথিবী’ আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। সংগঠনের খুলনা শাখার সভাপতি মো: জাহাঙ্গীর হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সহিদ মাহমুদ, খুলনা নাগরিক সমাজের সদস্যসচিব এ্যাড. মো: বাবুল হাওলাদার, কবি শেখ আবু আসলাম বাবু, ফার্টিলাইজার এ্যাসোসিয়েশন-খুলনার সহসভাপতি মো: শাহ নিয়াজ মাগদুম ও স্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জোয়ার্দার। প্রশাসক স্কুল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন এবং স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। সকালে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এডিস মশার বংশ বিস্তার রোধে নগরীতে চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শন করেন। ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ রোধে নগরজুড়ে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। প্রশাসক নগরীর মিউনিসিপ্যাল ট্যাঙ্ক রোড ও সংলগ্ন পুকুর ও বাইলেন, গগনবাবু রোড, বাশপট্টী রোডের, রূপসা চর বস্তি, রূপসা খ্রিস্টান চর কলোনী, মুজগুন্নী জংশন রোড ও সংলগ্ন এলাকার পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। কেসিসি’র কঞ্জারভেন্সী অফিসার মো: অহিদুজ্জামান খান, সাবেক কাউন্সিলর মো: গিয়াস উদ্দিন বনি, সমাজসেবক ইউসুফ হারুন মজনু, ২৯নং ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা মো: নাজমুল হক মুকুল, জাতীয় দলের সাবেক ফুটবলার মো: জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button