মোল্লাহাটে কিশোরীর মরদেহ উদ্ধার : মৃত্যু ঘিরে রহস্য

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি ঃ বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কোদালিয়া গ্রামে জান্নাতি (১৪) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কিশোরীর মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা আলোচনা সমালোচনা চলছে। পারিবারিক সূত্রে জানা যায়, জান্নাতির বাবা সৌদি আরব প্রবাসী। মা-বাবার বিবাহ বিচ্ছেদের পর তার মা অন্যত্র বসবাস করলেও জান্নাতি দাদির কাছে চাচার বাড়িতে থাকতেন। ঘটনার দিন ভোরে বাড়ির পাশের একটি মাছের ঘেরের পাড়ে তাল টোকাতে যায় জান্নাতি। দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সকাল সাড়ে ৯টার দিকে ঘেরের অল্প পানির মধ্যে তাকে পড়ে থাকতে দেখে সেখান থেকে উদ্ধার করে তারা নিশ্চিত হয় যে জান্নাতি আর বেঁচে নেই। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে জান্নাতির দাফনের সকল ব্যবস্থা শুরু হয়। অপরদিকে জান্নাতির মামা আল-আমিন সরদার মোল্লাহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি দাবি করেন, জান্নাতিকে হত্যা করে পানিতে ফেলে রাখা হয়েছে। এদিকে ঘটনাকে ঘিরে এলাকায় বিভিন্ন ধরনের গুঞ্জন ছড়িয়েছে। কেউ বলছেন, মাথায় তাল পড়ে তার মৃত্যু হয়েছে। আবার কেউ বলছেন সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে। কেউ বলছেন তাদের পারিবারিক ঝামেলা ছিল। তবে ঘটনার পর জান্নাতীকে কোন হাসপাতালে না নেওয়ায় চিকিৎসাগত কোন তথ্য পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, ময়নাতদন্ত ও পুলিশের তদন্তের মাধ্যমে কিশোরীর মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক। এ বিষয়ে মোল্লাহাট থানা পুলিশ অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জান্নাতের মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় জান্নাতের মরদেহ বাগেরহাট জেলা সদর হাসপাতালের মরগে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।



