স্থানীয় সংবাদ

কুষ্টিয়ায় ফলের দোকানের সামনে শ্রমিকের মরদেহ

কুষ্টিয়া প্রতিনিধি ঃ কুষ্টিয়া শহরের পৌরবাজারে ফলের দোকানের সামনে থেকে সাদ্দাম (৪০) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গভীর রাতে চুরির উদ্দেশ্যে বন্ধ দোকানে প্রবেশের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। রোববার (৯ আগস্ট) সকালে পৌরবাজারের আয়েশা ফল ভান্ডার ও আদর্শ ফল ভান্ডারের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সাদ্দাম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাসিন্দা। তিনি পৌরবাজারে শ্রমিক হিসেবে কাজ করতেন। স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্য, শনিবার (৮ আগস্ট) রাতে ওই দুই ফলের দোকান বন্ধ ছিল। রাতের কোনো একসময় সাদ্দাম দোকান দুটিতে প্রবেশের চেষ্টা করেন। তাদের ধারণা, ইঁদুরে বৈদ্যুতিক তার কেটে ফেলায় সেখানে বিদ্যুৎ প্রবাহিত ছিল। অন্ধকারে বিষয়টি বুঝতে না পেরে সাদ্দাম ওই তারের সংস্পর্শে এলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রোববার সকালে দোকান খুলতে এসে ব্যবসায়ীরা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button