স্থানীয় সংবাদ

যশোর বাঘারপাড়ার খলশী দক্ষিণপাড়ায় মা ও শিশু ছেলের মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি

যশোর ব্যুরো ঃ যশোর বাঘারপাড়া উপজেলার খলশী দক্ষিণপাড়া গ্রামের এক বাড়িতে মা ও তাঁর ৬ বছরের শিশু সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুর হাত-পা বাঁধা এবং মায়ের গলায় ওড়না প্যাঁচানো ছিল। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য সৃষ্টি করেছে ওই এলাকায়। পুলিশ দু’টি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
শনিবার ৮ আগস্ট রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, খলশী গ্রামের জাকির হোসেনের স্ত্রী জুবায়দা খাতুন (৩২) এবং তার ছয় বছরের ছেলে জিসান।
নিহতের স্বজনরা জানান, ঘরের ভেতর একই খাটে মা ও ছেলের লাশ পড়ে ছিল। নিহত শিশু জিসানের হাত-পা গামছা দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া যায়। অন্যদিকে, মা জুবায়দা খাতুনের গলায় ওড়না পেচানো থাকলেও ওড়নার দুটি প্রান্ত তাঁর নিজের হাতে ধরা ছিল।
নিহত জুবায়দার ছোট বোন পিনজিরা জানান, তাঁর বোন জামাই জাকির দীর্ঘদিন বিদেশে থাকার পর এক বছর আগে দেশে ফেরেন। জাকিরের সঙ্গে তাঁর ভাই শিহাবের জায়গা-জমি নিয়ে বিরোধ ছিল। তাদের মধ্যে জমিজমার শত্রুতার জেরেই হত্যাকা-টি ঘটতে পারে বলে ধারণা করছেন তিনি।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশীও জানান, পরিবারের বাইরে তেমন কোনো শত্রুতা ছিল না।
এ বিষয়ে বাঘারপাড়া থানার এসআই পলাশ জানান, ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি দেখে বিষয়টি সাধারণ আত্মহত্যা বলে মনে হচ্ছে না। লাশ দুটি ময়নাতদন্তের যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ ও রহস্য স্পষ্ট হবে। তবে মৃত্যুর ঘটনা তদন্ত প্রক্রিয়ার মধ্যে অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button