‘আজ আমারও জন্মদিন, মা পরীর জন্মদিন’

প্রবাহ বিনোদন : চার বছর পূর্ণ করল ঢাকাই চিত্রনায়িকা পরীমনির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য। বিশেষ এই দিনে ঘরোয়া কিছু আয়োজন করেন অভিনেত্রী; তারই একটি ভিডিও প্রকাশ করেছেন। পাশাপাশি ভক্তদের উদ্দেশে দিয়েছেন বিশেষ বার্তা।
বরাবরের মতো নিজের মাতৃত্বকে দারুণভাবে উপভোগ করেন পরীমনি। ছেলের জন্মদিনে প্রকাশ পায় তার ব্যাপকতা। এর আগের বছর জন্মদিনে জমকালো আয়োজন রেখেছিলেন পরীমনি।
এবার এমন কোনো আয়োজনের খবর এখন পর্যন্ত পাওয়া না গেলেও জন্মদিনের প্রথম প্রহরে দেখা মিলল ঘরোয়া আয়োজনের। এর পাশাপাশি নিজের মাতৃত্ব নিয়ে এক বিশেষ বার্তা দিয়েছেন পরীমনি; বিশেষ দিনটিকে তিনি নিজের ‘নতুন জীবনের জন্ম’ হিসেবে উল্লেখ করেছেন।
সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে পরীমনি জানান, জন্মদিনের রাতে ছেলেকে শুভেচ্ছা জানালে জবাবে সে-ও মাকে শুভেচ্ছা জানায়। তিনি লেখেন, “ছেলেকে ‘বাজান, হ্যাপি বার্থডে’ বললে উল্টো জবাবে সে বলে ওঠে, ‘হ্যাপি বার্থডে টু ইউ আম্মু’।”
ছেলের এমন প্রতিক্রিয়ায় আবেগ প্রকাশ করে পরীমনি লেখেন, ছেলের কারণেই তার এক নতুন ও সুন্দর জীবনের সূচনা হয়েছে। তাই এই দিনটি তার জন্য ‘মা পরী’ হিসেবে নতুন করে জন্ম নেওয়ার দিন। পরীমনি লেখেন, ‘আজ আমার এই সুন্দর এক নতুন জীবনের জন্ম তোমার জন্যই হয়েছে। আজ আমারও জন্মদিন। মা পরীর জন্মদিন। দোয়া করবেন সবাই।’
এরপরই প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায়, ঘরের টেবিলজুড়ে হাফ ডজন কেক ও চারপাশে রঙিন বেলুন। ঠিক তার পাশেই বিছানায় ঘুমাচ্ছিল পূণ্য।



