বটিয়াঘাটায় বদলি-আদেশ বাতিলের পর আবার বদলি

# সাইদুজ্জামানকে ঘিরে প্রশ্ন : অভিযোগ ও বদলির সুপারিশের পর এবার বটিয়াঘাটা থেকে পাইকগাছায় #
স্টাফ রিপোর্টার ঃ খুলনার বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী-কাম হিসাব রক্ষক মো. সাইদুজ্জামানকে ঘিরে একাধিক অভিযোগ, বদলির সুপারিশ এবং বদলি আদেশ বাতিলের ঘটনায় স্বাস্থ্য বিভাগে আলোচনা চলছে। সর্বশেষ প্রশাসনিক কারণে তাকে বটিয়াঘাটা থেকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে।
১০ আগস্ট খুলনা বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত আদেশে তাকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী-কাম হিসাব রক্ষকের শূন্য পদে পদায়ন করা হয়। এর আগে ২০২৫ সালের ২৯ ডিসেম্বর সিভিল সার্জন, খুলনার এক পত্রে তাকে অন্যত্র বদলির সুপারিশ করা হয়। ওই পত্রে কর্মকর্তা-কর্মচারীদের লিখিত অভিযোগের কথা উল্লেখ করে তার বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা, দুর্ব্যবহার, ঊর্ধ্বতনদের নির্দেশ অমান্য এবং দাপ্তরিক কাজে অবৈধভাবে অর্থ গ্রহণের অভিযোগ তুলে ধরা হয়। তবে এসব অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে কি না, তা স্পষ্ট নয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৭ সাল থেকে বটিয়াঘাটায় কর্মরত সাইদুজ্জামানকে বদলি করা হলে তিনি আদালতের শরণাপন্ন হন। ২০২৪ সালের জুনে বদলি কার্যকর হওয়ার পর ২০২৫ সালের ১১ ডিসেম্বর তিনি আবার বটিয়াঘাটায় যোগ দেন। এরপর ২০২৬ সালের ৩০ এপ্রিল তাকে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়। ৬ মে সেখানে যোগদানের মাত্র ১৩ দিনের মাথায় ১৯ মে ওই বদলি আদেশ বাতিল করা হয়। এবার ১০ আগস্ট তাকে পাইকগাছায় বদলি করা হলো। এদিকে সাইদুজ্জামানের বঙ্গবন্ধু পরিষদের সঙ্গে সম্পৃক্ততা নিয়েও আলোচনা রয়েছে। তবে তিনি দাবি করেছেন, তিনি কখনো বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শাখার বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ছিলেন না এবং তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। একটি পক্ষ তাকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করছে বলেও দাবি করেন তিনি।


