খুলনায় ডেঙ্গুতে একদিনেই ভর্তি হাসপাতালে ১০১

# ৮ মাসে আক্রান্ত ২৯১৫ : চিকিৎসাধীন ৩৭৮ #
স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে আবারও বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ১০১ জন ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ আগস্ট পর্যন্ত বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৯১৫ জন। একই সময়ে মারা গেছেন ১০ জন। মঙ্গলবার (১১ আগস্ট) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে পরিচালক (স্বাস্থ্য) ডা: শেখ মো: মোশাররফ হোসেন স্বাক্ষরিত সর্বশেষ ডেঙ্গু রোগীর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। একদিনে খুলনায় ভর্তি ৪৫, কেএমসিতে ৩৬
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন খুলনা জেলায়। সেখানে নতুন করে ৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (কেএমসিএইচ) ভর্তি হয়েছেন ৩৬ জন। এছাড়া যশোরে ৮ জন, কুষ্টিয়ায় ৪ জন, মেহেরপুরে ৩ জন, বাগেরহাটে ২ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন এবং নড়াইলে ১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তবে সাতক্ষীরা, ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন কোনো ডেঙ্গু রোগী ভর্তি হওয়ার তথ্য নেই। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত খুলনা বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বাগেরহাটেÑ৮১২ জন। জেলাটিতে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। খুলনা জেলায় এ পর্যন্ত ৭৫৬ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৬২৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া যশোরে ২৯৯ জন, নড়াইলে ১৩৫ জন, মাগুরায় ৭৫ জন, কুষ্টিয়ায় ৭১ জন, মেহেরপুরে ৬৩ জন, ঝিনাইদহে ৩৯ জন এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৩ জন রোগী ভর্তি হয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন ৩৭৮
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৭৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এর মধ্যে খুলনা জেলায় ১৩৭ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৩৩ জন ভর্তি রয়েছেন। এ পর্যন্ত মোট ২ হাজার ৪৯০ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। আর উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতাল থেকে ৩৭ জনকে রেফার্ড করা হয়েছে। ডেঙ্গু পরিস্থিতির মধ্যে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর ঘটনা না ঘটায় কিছুটা স্বস্তি মিলেছে। তবে চলতি বছরে এখন পর্যন্ত বিভাগে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু হওয়ায় পরিস্থিতিকে গুরুত্বের সঙ্গে দেখছে স্বাস্থ্য বিভাগ।



