মহানগরীতে জলবায়ু-জনিত অভ্যন্তরীণ স্থানচ্যুতির কৌশল পত্র কেসিসির নিকট হস্তান্তর

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা মহানগরীতে জলবায়ু-জনিত অভ্যন্তরীণ স্থানচ্যুতি ব্যবস্থাপনার কৌশল’’ শীর্ষক একটি সমন্বিত কৌশল পত্র খুলনা সিটি কর্পোরেশনের নিকট হস্তান্তর করা হয়েছে। বুধবার দুপুরে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর কাছে আনুষ্ঠানিকভাবে কৌশলপত্রটি হস্তান্তর করেন কারিতাস-খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক আলবিনো নাথ। কেসিসি’র সহযোগিতায় ‘দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজন (ডিআরআর এন্ড সিসিএ)’’ প্রকল্পের আওতায কারিতাস-খুলনা অঞ্চল এ অনুষ্ঠানের আয়োজন করে। খুলনা মহানগরীতে জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাস্তুচ্যুত ও অভিবাসী জনগোষ্ঠীর ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উদ্যোগ গ্রহণের লক্ষ্যে এই কৌশল পত্রটি প্রণয়ন করা হয়েছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট (আইডিএম) এবং কারিতাস বাংলাদেশ যৌথভাবে কৌশলপত্রটি প্রণয়ন করেছে। কৌশলপত্রটি প্রণয়নে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা, বেসরকারি উন্নয়ন সংস্থা, সুশীল সমাজ, গণমাধ্যম এবং কমিউনিটিভিত্তিক বিভিন্ন নেটওয়ার্কের সক্রিয় অংশগ্রহণ ও মতামত গ্রহণ করা হয়েছে। কৌশলপত্র হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কেসিসি প্রশাসক কারিতাস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাস্তুচ্যুতি জনগোষ্ঠীর সংখ্যা ক্রমবর্ধমান হারে বাড়ছে এবং জীবিকার তাগিদে তারা মহানগর ও মহানগর সংলগ্ন বিভিন্ন এলাকায় মানবেতর জীবন যাপন করছে। উদ্বাস্তু এ সকল জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে কেসিসির পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে এ কৌশলপত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগে বাস্তুচ্যুত মানুষের জন্য পর্যাপ্ত ও উপযুক্ত আবাসন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সাথে ভবিষ্যৎ পরিকল্পনা, সেবা প্রদান এবং সম্পদ বরাদ্দ আরও সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য জলবায়ু পরিবর্তনজনিত বাস্তুচ্যুত জনগোষ্ঠীর একটি সমন্বিত ও নির্ভরযোগ্য ডাটাবেজ প্রণয়নের প্রয়োজনীয়তার ওপরও তিনি জোর দেন।
প্রণীত কৌশলপত্র খুলনা সিটি কর্পোরেশনের ভবিষ্যৎ নগর পরিকল্পনা, সেবাপ্রদান, সমন্বয় এবং জলবায়ু পরিবর্তনজনিত বাস্তুচ্যুত জনগোষ্ঠী সংক্রান্ত নীতি ও উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা হিসেবে কাজ করবে বলে অনুষ্ঠানে জানানো হয়। একই সঙ্গে এটি সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী, এনজিও, সুশীল সমাজ এবং কমিউনিটি প্রতিনিধিদের মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদারের মাধ্যমে আরও অন্তর্ভুক্তিমূলক, সহনশীল ও টেকসই নগর উন্নয়ন নিশ্চিত করার একটি কাঠামো প্রদান করবে।এই উদ্যোগের মাধ্যমে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের কারণে বাস্তুচ্যুত মানুষের জন্য নিরাপদ আশ্রয়, প্রয়োজনীয় নগর সেবা, জীবিকার সুযোগ, সামাজিক সুরক্ষা এবং উন্নয়নমূলক কার্যক্রমে সমান ও ন্যায্য সুযোগ নিশ্চিত করার ক্ষেত্রে সংশ্লিষ্ট অংশীজনদের যৌথ অঙ্গীকার আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে নগর সেবাদান ও উন্নয়ন কার্যক্রমে জলবায়ু পরিবর্তনজনিত বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে কেসিসির ভূমিকা তুলে ধরে বক্তৃতা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, জলবায়ু অভিবাসী কৌশলপত্র প্রণয়নের যাত্রা, বিভিন্ন ধাপ এবং অংশীজনদের পরামর্শ ও তথ্য-প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া তুলে ধরে বক্তৃতা করেন কুয়েটের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্টের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসাইন, কেসিসির পরিকল্পনা কাঠামোর সঙ্গে কৌশলপত্রের উদ্দেশ্য ও প্রাসঙ্গিকতা তুলে ধরে বক্তৃতা করেন কেসিসি’র চীফ প্লানিং অফিসার আবির-উল-জব্বার এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ ও বাস্তুচ্যুত জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে কারিতাস বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরে বক্তৃতা করেন কারিতাস-খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক আলবিনো নাথ। ইউনিসেফ, এ্যাডামস, এ্যাডব, ওয়ার্ল্ড ভিশন, নবলোক, জেজেএস, ব্রাক, রূপান্তর, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, উত্তরণ, সুশীলন-সহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, কেসিসি’র ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



